হারাধন সূত্রধর, পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি:
জনস্বার্থ রক্ষা, অবৈধ কার্যক্রম প্রতিরোধ এবং জনসাধারণের জন্য নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে নেত্রকোণা জেলার বিভিন্ন উপজেলায় জেলা প্রশাসনের উদ্যোগে ধারাবাহিক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। গত ১৮ আগস্ট (২০২৬ খ্রি.) দিনব্যাপী এসব অভিযানে অবৈধ বালু উত্তোলন, মাদক সেবন ও বিক্রয় এবং ফুটপাত দখলের দায়ে ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, দুর্গাপুর উপজেলার শিমুলতলী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(২) ধারায় অবৈধ বালু উত্তোলনের অপরাধে দুজনকে মোট ১,৫০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অন্যদিকে, বারহাট্টা উপজেলার বাউসী ইউনিয়নে পরিচালিত এক মাদকবিরোধী অভিযানে মাদক সেবন ও গাঁজা বিক্রয়ের অপরাধে দুজনকে যথাক্রমে ৩ মাস ও ৬ মাসের কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এই অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউশন কর্মকর্তা উপস্থিত থেকে সহযোগিতা করেন।
একই দিনে ফুটপাত দখল ও চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে কলমাকান্দা বাজারের কেন্দ্রস্থল রেইন্ট্রিতলা ও বাজার এলাকার ফুটপাথে অবৈধভাবে স্থাপিত দোকানপাট উচ্ছেদ করা হয়। সেখানে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অনুযায়ী দুজনকে মোট ৪,৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া, নেত্রকোণা সদর উপজেলার ছোটবাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে একজনকে ৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই দিনে শহরের মাছ বাজার এলাকার ফুটপাথে অবৈধ দোকান অপসারণের অভিযানে আরও ৩টি মামলায় ৩ জনকে মোট ১৪,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ বালু উত্তোলন, মাদকদ্রব্যের অপব্যবহার, ফুটপাত দখল এবং জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী অবৈধ স্থাপনার বিরুদ্ধে জনস্বার্থে এ ধরণের কঠোর ও ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।