লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের আদিতমারীতে ড্রাম ট্রাকের চাপায় পিপলু মিয়া নামে মোটরসাইকেল আরোহী সাবেক সেনা সদস্য নিহত হয়েছেন। সঙ্গে থাকা আমিনুল ইসলাম নামে অপর একজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মমিনের গ্যারেজ এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত পিপলু মিয়া উপজেলার কসালতলা গ্রামের মৃত সাত্তার মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় পিপলু মিয়া ও আমিনুল ইসলাম মোটরসাইকেলে করে মহাসড়ক দিয়ে আদিতমারী রেললাইনের দিকে যাচ্ছিলেন। এ সময় বুড়িমারীগামী একটি দ্রুতগতির ড্রাম ট্রাক পেছন থেকে তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে পিপলু মিয়া ছিটকে ট্রাকের নিচে পড়ে গিয়ে পেছনের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন উদ্ধার করে আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পিপলু মিয়াকে মৃত ঘোষণা করেন।
আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক (উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার) আরিফুল ইসলাম জানান, হাসপাতালে নেওয়ার আগেই ওই সাবেক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার শরীরের নিচের অংশ থেঁতলে গিয়েছে। এ ঘটনায় আহত আমিনুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ড্রাম ট্রাকসহ চালক ও তার সহযোগীকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬