রাশেদ ইসলাম, জয়পুরহাট প্রতিনিধি:
দীর্ঘ ১৮ বছরের পরিশ্রম, ঘাম আর সঞ্চয়ে গড়ে তোলা মাছের খামার। এই পুকুরই ছিল সংসার চালানোর একমাত্র বড় অবলম্বন, সন্তানদের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন। কিন্তু রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এক রাতেই যেন তছনছ হয়ে গেছে একটি পরিবারের দীর্ঘদিনের পরিশ্রম ও বেঁচে থাকার স্বপ্ন। পুকুরজুড়ে ভেসে উঠেছে মরা মাছ, আর পুকুরপাড়ে দাঁড়িয়ে অসহায় চোখে সেই দৃশ্য দেখছেন মাছচাষি বকুল হোসেন ও তাঁর স্ত্রী হাজেরা বেগম।
ঘটনাটি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৮ নম্বর আওলাই ইউনিয়নের বড় পুকুরিয়া গ্রামের। ভুক্তভোগী দম্পতির অভিযোগ, গত ২২ নভেম্বর (রবিবার) দিবাগত রাতে তাঁদের ৮৩ শতাংশ জমির পুকুরে বিষ প্রয়োগ করা হয়। এতে প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার অপরিপক্ব মাছ মারা গেছে।
সরেজমিনে বড় পুকুরিয়া গ্রামে গিয়ে দেখা যায়, পুকুরের পানিতে ভেসে রয়েছে বিভিন্ন প্রজাতির ছোট-বড় মরা মাছ। শুধু মাছ নয়, ছোট মলা মাছ, সাপসহ বিভিন্ন জলজ প্রাণীরও মৃত্যু হয়েছে। পুকুরের পানিতে মাছের এমন মৃত্যুতে সৃষ্টি হয়েছে উদ্বেগজনক পরিস্থিতি। ভুক্তভোগীদের দাবি, বিষ প্রয়োগের কারণে মাছগুলো বিক্রি তো দূরের কথা, খাওয়ারও উপযুক্ত নেই।
স্থানীয় সূত্রে জানা যায়, বড় পুকুরিয়া গ্রামের মোজাম মণ্ডলের ছেলে বকুল হোসেন ও তাঁর স্ত্রী হাজেরা বেগম দীর্ঘ ১৮ বছর ধরে সুনামের সঙ্গে পুকুরে মাছ চাষ করে আসছেন। তাঁদের সংসারের অর্থনৈতিক ভিত্তি গড়ে উঠেছিল এই মাছ চাষকে কেন্দ্র করেই। তবে গত কয়েক মাস ধরে পুকুরের মালিকানা ও দখলসংক্রান্ত বিষয় নিয়ে গ্রামের কয়েকজনের সঙ্গে বিরোধ চলছিল বলে জানান বকুল দম্পতি। তাঁদের অভিযোগ, সেই বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করা হয়েছে।
এ ঘটনায় বকুল হোসেন ও তাঁর স্ত্রী তাঁদের চাচাতো ভাই আকবর, জাহিদুল, রফিকুলসহ আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
কান্নাজড়িত কণ্ঠে হাজেরা বেগম বলেন, "আমাদের সংসার চালানোর পাশাপাশি পুকুরে মাছ চাষের পেছনে জীবনের সব সঞ্চয় ও অর্থ ব্যয় করেছি। এই পুকুরই ছিল আমাদের বেঁচে থাকার অন্যতম অবলম্বন। এখন যে পরিমাণ ক্ষতি হয়েছে, তাতে আর্থিকভাবে আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। ছেলে-মেয়ের ভবিষ্যৎ নিয়েও দুশ্চিন্তায় পড়েছি। এত বছরের পরিশ্রম এক রাতেই শেষ হয়ে গেল।"
বকুল হোসেন বলেন, "১৮ বছর ধরে পরিশ্রম করে এই মাছের খামার গড়ে তুলেছি। আমার যে ক্ষতি হয়েছে, তা মেনে নেওয়ার মতো নয়। আমি নিঃস্ব হয়ে পড়েছি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। আমি উপযুক্ত বিচার চাই।"
ঘটনার প্রত্যক্ষদর্শী দাবি করে স্থানীয় একাধিক নারী-পুরুষ নজরুল, আলেফুনসহ আরও কয়েকজন জানান, পুকুরে বিষ প্রয়োগের পর সব মাছ মরে পানিতে ভেসে উঠেছে। মাছগুলো বিক্রির উপযুক্ত নেই। তাঁদের ভাষ্য, বকুল হোসেনের চাষাবাদের জমি বলতে তেমন কিছু নেই। এই পুকুরই ছিল তাঁর পরিবারের প্রধান অবলম্বন। এমন ঘটনায় পরিবারটি চরম আর্থিক সংকটে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তাঁরা।
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত হিসেবে নাম আসা একই গ্রামের আকবর, জাহিদুল ও রফিকুলের বাড়িতে যান সাংবাদিকরা। তবে তাঁদের কাউকে পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।
এ বিষয়ে ৮ নম্বর আওলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. একরামুল ইসলাম চৌধুরী তাওহীদ বলেন, "আমার ইউনিয়নে এমন একটি ঘটনা ঘটেছে, তা আগে জানা ছিল না। সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া গেলে আনুষ্ঠানিকভাবে খতিয়ে দেখা হবে।"
তবে ঘটনার পর এখন পর্যন্ত স্থানীয় প্রশাসন কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে কোনো লিখিত অভিযোগ করেননি বলে জানিয়েছেন বকুল হোসেন ও তাঁর স্ত্রী হাজেরা বেগম। ফলে অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক তদন্ত বা আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
দীর্ঘ ১৮ বছরের শ্রমে গড়ে তোলা মাছের খামার ধ্বংসের অভিযোগে এখন অনিশ্চয়তায় দিন কাটছে বকুল দম্পতির। তাঁদের দাবি, প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, কীভাবে পুকুরে বিষ প্রয়োগ করা হয়েছে এবং প্রকৃত ক্ষতির পরিমাণ কত—তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নির্ধারণ করা প্রয়োজন। একটি পরিবারের জীবিকা ও সন্তানদের ভবিষ্যৎ জড়িয়ে থাকা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচার এখন ভুক্তভোগী পরিবারের প্রত্যাশা।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬