লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট কালেক্টরেট মাঠে ‘এনাফ ইজ এনাফ’— পতিত আওয়ামী লীগ সরকারের উদ্দেশে এমন কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরে খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত জনসভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, গত ১৬ বছর যারা গুম-খুন ও দেশের সম্পদ লুটপাট করেছে, তারা আবারও নতুন করে সারা দেশে ষড়যন্ত্র এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। ২০২৪ সালের পরাজিত সেই শক্তি নতুন করে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। তাদের এসব ষড়যন্ত্র শক্ত হাতে মোকাবিলা করা হবে।
তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বিগত সরকার তিস্তা ব্যারাজ কিংবা তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কার্যকর কোনো কাজ করেনি। বর্তমান সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে। দেশের উন্নয়ন এবং মানুষের কল্যাণই সরকারের মূল লক্ষ্য।
প্রধানমন্ত্রী আরও বলেন, খুলনা থেকে গ্যাসের লাইন নিয়ে গ্যাস আসলে বিভিন্ন বিনিয়োগ শুরু হবে। বড় বড় কলকারখানা প্রতিষ্ঠিত হবে। কর্মসংস্থানের সৃষ্টি হবে। প্রতি উপজেলার ইউনিয়নে খেলার মাঠের ব্যবস্থা করা হবে। মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে কর্মসংস্থানের লক্ষ্যে দক্ষ ও অদক্ষ শ্রমিক পাঠানো হচ্ছে।
তিনি বলেন, পূর্বের নির্বাচনের কথা সবার মনে আছে, দেশের মানুষ দিনের ভোট রাতে দেখতে চায় না। এছাড়াও কেন তারা তিস্তা প্রকল্পের কাজ করেনি, ইপিজেড করেন নাই, দেশের প্রতি তাদের দরদ নেই। আমরা দেখেছি কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। তারা দেশ থেকে পালিয়ে গিয়ে পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েছে, সেই দেশ হচ্ছে তাদের প্রভু এবং সেখানে বসে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে।
এ সময় প্রধানমন্ত্রী সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এর আগে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাটগ্রাম-হাতীবান্ধা আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান। তিনি তার বক্তব্যে ঢাকা থেকে সরাসরি বুড়িমারী এক্সপ্রেস চালু, লালমনিরহাট থেকে বুড়িমারী পর্যন্ত রাস্তা ফোর লেন, দহগ্রাম-আঙ্গরপোতার উন্নয়ন ও বুড়িমারী স্থল বন্দরে ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালের কথা বলেন।
এছাড়া বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং বক্তব্য রাখেন লালমনিরহাটের মাটি ও মানুষের নেতা, আলোকিত লালমনিরহাট ও জাগো বাহে তিস্তা বাঁচাও আন্দোলনের রূপকার, ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬