রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদীতে চলতি রবি মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১৩১০ জন প্রান্তিক কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে উন্নত মানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
১৭ই নভেম্বর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা আফরোজ মারলিজ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার, কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সজল সরকার, উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিকুর রহমান বাদল, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আজহার মাহমুদ, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আমান উল্লাহ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয় কৃষি অফিস সূত্রে জানা যায়, তালিকাভুক্ত ১৩১০ জন কৃষক-কৃষাণীর মাঝে কৃষি প্রণোদনার আওতায় ১২৪০ জন কৃষক-কৃষাণীর প্রত্যেককে ১ কেজি করে সরিষা বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার। ৬০ জন কৃষক পেয়েছেন ১০ কেজি করে চিনা বাদাম বীজ ও পরিমাণমতো সার এবং ১০ জন কৃষক পেয়েছেন ৫ কেজি করে মুগ ডাল বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ৫ কেজি এমওপি সার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষকদের পাশে থেকে দেশের কৃষি উৎপাদন বৃদ্ধিতে নানামুখী প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছেন। বক্তারা আরও বলেন, বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি কৃষি। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের উৎপাদনমুখী করে তুলতে হবে এবং আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহারে উৎসাহিত করতে হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, সরিষা, চিনা বাদাম ও মুগ ডালের মতো ফসলের আবাদ বাড়ানোর মাধ্যমে দেশের ভোজ্য তেল ও ডালের ঘাটতি পূরণ করা সম্ভব। এতে যেমন কৃষকরা আর্থিকভাবে লাভবান হবে, তেমনি আমদানির উপর দেশের নির্ভরতাও উল্লেখযোগ্যভাবে কমে যাবে।
এ সময় উপস্থিত স্থানীয় কৃষকরা সরকারি সহায়তা পেয়ে দারুণ সন্তোষ প্রকাশ করেছেন এবং কৃষি খাতের উন্নয়নে এ ধরনের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত রাখার জোর দাবি জানিয়েছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬