মোহাম্মদ আব্বাস উদ্দিন, লোহাগাড়া, চট্টগ্রাম
এলাকাবাসীর ভালোবাসা ও সমর্থনকে পুঁজি করে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়ন পরিষদের (ইউপি) আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, শিক্ষানুরাগী ও সমাজসেবক খোরশেদ আলম ভুট্টো
১৩ নভেম্বর, শুক্রবার, সন্ধ্যায় তাঁর সমর্থনে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। সভায় নিজের দায়িত্ব পালনকালে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, সালিশি বৈঠক ও জনসেবামূলক কার্যক্রমের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।
মতবিনিময় সভায় খোরশেদ আলম ভুট্টু বলেন, ‘আপনাদের সমর্থনের জন্যই সবাইকে ডেকেছি। আমার ডাকে আপনারা যেভাবে সাড়া দিয়েছেন, তাতে আমি সত্যিই অভিভূত। একজন ক্ষুদ্র জনপ্রতিনিধি হিসেবে এলাকার মানুষের ভালোবাসা ও জনসমর্থন আমাকে মুগ্ধ করেছে। তাই আপনাদের সহযোগিতা ও সমর্থন নিয়েই আগামী কলাউজান ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি। তবে এলাকার মানুষ যদি আমার চেয়ে যোগ্য কাউকে সমর্থন দেন, তাতেও আমার কোনো আপত্তি নেই।’
তিনি আরও বলেন, একটি মহল তাঁর নির্বাচনে অংশগ্রহণ নিয়ে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে, যা মোটেও কাম্য নয়। তিনি কখনো কাউকে বলেননি যে নির্বাচনে অংশ নেবেন না। বরং কলাউজানের বিভিন্ন এলাকার মানুষের কাছ থেকে তিনি যথেষ্ট সমর্থন ও ভালোবাসা পেয়েছেন। দায়িত্ব পালনকালে পরিষদে বসে কোনো বিচারে অন্যায় করেননি, দুর্নীতিও করেননি। সামর্থ্য অনুযায়ী সবসময় এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন।
সালিশি বৈঠকের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘বিচার মানেই কারও না কারও অসন্তুষ্টি থাকতে পারে। সালিশি বৈঠকে শতভাগ সবাইকে সন্তুষ্ট করা সম্ভব হয় না। তবে আমি সবসময় ন্যায়বিচার প্রতিষ্ঠার চেষ্টা করেছি। অন্যায়ভাবে কারও কাছ থেকে কোনো অর্থ গ্রহণ করিনি।’
চেয়ারম্যান পদপ্রার্থী খোরশেদ আলম ভুট্টু বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে গিয়ে ইউনিয়নের প্রত্যেকটি গ্রামে যাওয়ার সুযোগ হয়েছে। যেখানেই গিয়েছেন, সেখানেই মানুষ তাঁকে চেয়ারম্যান পদে নির্বাচন করার অনুরোধ জানিয়েছেন এবং পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এলাকাবাসীর এই ভালোবাসা ও সমর্থনই তাঁকে নির্বাচনে অংশ নেওয়ার সাহস জুগিয়েছে।
তিনি আগামী নির্বাচনে সবার দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করে বলেন, ‘সবার সমর্থন নিয়েই আগামী নির্বাচনে কলাউজানের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করব, ইনশাআল্লাহ।’ এলাকাবাসীর পক্ষ থেকে বক্তারা বলেন, খোরশেদ আলম ভুট্টু একজন শিক্ষিত ও জনবান্ধব ব্যক্তি। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে তাঁকে কোনো অনিয়ম বা অন্যায় কাজে জড়িত হতে দেখেননি তাঁরা। এলাকার উন্নয়নে তিনি আন্তরিকভাবে কাজ করার চেষ্টা করেছেন। অতীতেও তাঁকে বিপুল ভোটে ইউপি সদস্য নির্বাচিত করেছিলেন এলাকাবাসী। এবার তাঁকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান তাঁরা।
বক্তারা আরও বলেন, আগামী ইউপি নির্বাচনে খোরশেদ আলম ভুট্টোকে তাঁরা সমর্থন দিচ্ছেন। এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থন অব্যাহত থাকলে তিনি বিজয়ী হবেন বলে তাঁদের প্রত্যাশা।
মতবিনিময় সভায় কলাউজানের সমাজসেবক মাওলানা আবদুস সবুরসহ এলাকার সর্বজনশ্রদ্ধেয় মুরব্বি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬