এম এম ইসলাম, ভাঙড়-বারুইপুর থেকে:
ভাঙড় হাই স্কুল মাঠ বুধবার যেন অন্য এক দৃশ্যপট। সকাল থেকেই ছাত্র-ছাত্রীদের কোলাহল, ড্রিলের ছন্দ, উড়তে থাকা নীল-সাদা বেলুন—সব মিলিয়ে বারুইপুর মহকুমা স্তরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পরিণত হয় এক প্রাণবন্ত উৎসবে। দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর মহকুমার অন্তর্গত ১১টি চক্রের সফল প্রতিযোগীদের নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করে ভাঙড় চক্র।
জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন ভাঙড় ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ঝর্ণা মন্ডল। পরে মহকুমা পতাকা উত্তোলন করেন ভাঙড় চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সৌমিক সরকার। তার পরই ড্রিলের তালে তালে ছাত্র-ছাত্রীদের মার্চ পাস্ট এবং বিশেষ মাঠ পরিক্রমা। শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে আকাশে ওড়ানো হয় নীল-সাদা বেলুন।
এবারের প্রতিযোগিতায় মোট ৩৪টি ইভেন্টে অংশ নেয় পড়ুয়ারা। ৭৫, ১০০ ও ২০০ মিটার দৌড়, লং জাম্প, হাই জাম্প, সাটল রেস, ফুটবল থ্রোইং, যোগা ও জিমন্যাস্টিক—প্রতিটি বিভাগেই ছিল তীব্র লড়াই ও উচ্ছ্বাস। শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়।
প্রথম স্থানাধিকারীরা আগামী বছরের ৫ ও ৬ জানুয়ারি মথুরাপুর উত্তর চক্রের কৃষ্ণচন্দ্রপুর বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত জেলা স্তরের প্রতিযোগিতায় অংশ নেবে। উল্লেখযোগ্য ফল করে ভাঙড় উত্তর চক্র—পাঁচটি ইভেন্টে প্রথম, তিনটিতে দ্বিতীয় ও দু’টিতে তৃতীয় স্থান দখল করে তারা।
অনুষ্ঠানে ভাঙড় উত্তর চক্রের মীরা গুপ্তা সহ বিভিন্ন চক্রের এসআইএস গণ, সম্পাদক কৌশিক সরদার এবং ভাঙড় বইমেলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। আয়োজন সফল করতে লুসি পাল, শেখ সাবির হোসেন, শাহজাহান মোল্লা সহ শিক্ষকদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। শাহজাহান আলি বিশ্বাসের সাবলীল সঞ্চালনা পুরো প্রতিযোগিতাকে দেয় আলাদা মাত্রা।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬