মো: আল-মাহফুজ শাওন, খুলনা
খুলনা নগরীর পিটিআই ও টুটপাড়া সেন্ট্রাল রোডের মাঝামাঝি এলাকায় অবস্থিত জাহিদ ইলেকট্রিক দোকানে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনার পর দোকানটি বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে এলাকার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দোকানটিতে চাঁদা দাবি করার পর থেকে দোকান মালিক ও কর্মচারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। পরিস্থিতি বিবেচনায় দোকানটি আপাতত বন্ধ রাখা হয়েছে। এ ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়েছে কিনা, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
একসময় শান্তির নগরী হিসেবে পরিচিত খুলনায় সাম্প্রতিক সময়ে খুন, ছিনতাই, মাদক, চুরি ও চাঁদাবাজির মতো অপরাধ নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদা দাবির অভিযোগ ব্যবসায়ী মহলে নতুন করে আতঙ্ক তৈরি করছে। ব্যবসায়ীরা বলছেন, ব্যবসা করতে গিয়ে যদি চাঁদা দিতে হয়, তাহলে ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে যাবে।
নগরবাসীর প্রশ্ন — খুলনায় সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? শিশু থেকে বৃদ্ধ, ব্যবসায়ী থেকে চাকরিজীবী — কেউ কি নিরাপদে চলাফেরা করতে পারছেন? দিনের বেলায় বাইরে কিংবা রাতের বেলায় নিজ বাড়িতে, সবখানেই যেন নিরাপত্তাহীনতার শঙ্কা। সন্ধ্যার পর অনেকেই প্রয়োজন ছাড়া বাইরে বের হতে সাহস পাচ্ছেন না।
অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসনের দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ চান নগরবাসী। শুধু আশ্বাস নয়, চাঁদাবাজি, মাদক, ছিনতাই ও হত্যাসহ সব ধরনের অপরাধ দমনে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।
খুলনাবাসীর প্রত্যাশা, আবারও ফিরে আসুক নিরাপদ ও শান্তির নগরীর পরিবেশ।
এদিকে জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগটি সুষ্ঠুভাবে তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন মহল। তারা বলছেন, এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার হলে ভবিষ্যতে আর কেউ চাঁদাবাজি করার সাহস পাবে না।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬