ব্যুরো প্রধান খুলনা বিভাগ
খুলনার পাইকগাছা উপজেলায় কপোতাক্ষ নদ থেকে ভাসমান অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।রোববার (১১ জানুয়ারি) সকাল ৭টার দিকে পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের আগড়ঘাটা বাজার সংলগ্ন ফুলতলা খেয়াঘাট এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয়রা ঘাটে নোঙর করা একটি ট্রলারের গায়ে ভাসমান অবস্থায় একটি লাশ আটকে থাকতে দেখে পুলিশে খবর দেন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধারের কার্যক্রম শুরু করে। পরবর্তীতে বিভিন্ন সূত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবির মাধ্যমে লাশটির পরিচয় শনাক্ত হয়।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, নিহত ব্যক্তির নাম রবিউল ইসলাম (৪৮), ওরফে সেদু। তিনি পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের তকিয়া গ্রামের বাসিন্দা এবং মুনছুর গাজীর ছেলে। রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিলেন।
স্থানীয়দের বরাতে জানা গেছে, রবিউলের এক ভাই পার্শ্ববর্তী সাতক্ষীরা জেলার তালা উপজেলার জেটুয়া গ্রামে বসবাস করেন। সেখানে তার মা বেড়াতে গেলে গত ৬ জানুয়ারি রবিউল তাকে নিয়ে আসার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেন। ওই দিন দুপুর দেড়টার দিকে মাহমুদকাটি বালিয়া খেয়াঘাটে নদী পার হওয়ার সময় হঠাৎ মৃগী রোগে আক্রান্ত হয়ে তিনি নৌকা থেকে নদীতে পড়ে যান।
ঘটনার পরপরই স্বজন ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করলেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে আগড়ঘাটা বাজার সংলগ্ন ফুলতলা খেয়াঘাট এলাকায় কপোতাক্ষ নদে ভাসমান অজ্ঞাত লাশের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে লাশটি রবিউল ইসলামের বলে শনাক্ত করেন।
পাইকগাছা থানা পুলিশ জানিয়েছে, লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬