ব্যুরো প্রধান, খুলনা:
খুলনার স্বেচ্ছাসেবী সংগঠন কাম ফর আনপ্রিভিলিজড চাইল্ড (সিইউসি)-এর উদ্যোগে পরিচালিত সিইউসি স্কুলের সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে সময় কাটিয়েছেন সৃজনী শিশু শিক্ষালয়ের ড্রয়িং, আরবি ও কালচারাল একাডেমির সংগীত শিক্ষক মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম। (১১ অক্টোবর রোববার) তিনি অতিথি শিক্ষক হিসেবে শিশুদের নিয়ে আনন্দঘন পরিবেশে একটি সাংস্কৃতিক ক্লাস পরিচালনা করেন।মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম একজন অভিজ্ঞ শিক্ষক। তিনি শিশুদের গান, ছড়া ও সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে আনন্দের সঙ্গে শিক্ষা গ্রহণে উৎসাহিত করেন। পাশাপাশি তিনি ড্রয়িং, আরবি শিক্ষা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি খুলনার শেখপাড়া, গোবরচাকা বউবাজার এলাকার বাসিন্দা। চিত্রশিল্পী মিলন বিশ্বাসের বন্ধু চিত্রশিল্পী মেহেদী হাসান হিমুর সঙ্গে তিনি সিইউসি স্কুলের ক্লাস পরিদর্শনে আসেন। শ্রেণিকক্ষে উপস্থিত শিক্ষার্থীদের নিয়ে ছড়া, গান ও মজার শিক্ষণীয় কার্যক্রমের মাধ্যমে পাঠদান করেন। বর্ণের সঠিক উচ্চারণ শেখানোর পাশাপাশি আনন্দদায়ক পদ্ধতিতে শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করেন তিনি। এতে শিক্ষার্থীরা মনোযোগের সঙ্গে আনন্দমুখর পরিবেশে পাঠ গ্রহণ করে।সমাজের সুবিধাবঞ্চিত ও অবহেলিত শিশুদের মানসম্মত শিক্ষার সুযোগ নিশ্চিত করার প্রত্যয়ে সিইউসি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। সংগঠনটির উদ্যোগে পরিচালিত সিইউসি স্কুলে প্রতিকূলতার মধ্যেও শিশুদের শিক্ষার আলোয় এগিয়ে নেওয়া এবং তাদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।এ প্রসঙ্গে সিইউসি স্কুলের প্রচার সম্পাদক ও ড্রয়িং শিক্ষক চিত্রশিল্পী মিলন বিশ্বাস বলেন, “আমি গত দুই বছর ধরে সুবিধাবঞ্চিত শিশুদের বিনা বেতনে ছবি আঁকার প্রশিক্ষণ দিয়ে আসছি। প্রতি রবিবার বিকেলে এই স্কুলে আমি শিশুদের ছবি আঁকা শেখাই। সমাজের অভিজ্ঞ ও দক্ষ ব্যক্তিরা যদি সপ্তাহে অন্তত এক দিন করে এসে শিশুদের বিভিন্ন বিষয়ে শিক্ষা দেন, তাহলে তারা অনেক কিছু শিখতে পারবে। তাদের প্রতিভা বিকাশের পাশাপাশি আত্মবিশ্বাসও বাড়বে।”
তিনি আরও বলেন, শুক্রবার বাদে প্রতিদিন বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সিইউসি স্কুলে ক্লাস পরিচালিত হয়। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার মান উন্নয়নে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।এ সময় উপস্থিত ছিলেন সিইউসি স্কুলের প্রধান শিক্ষক মুজাহিদ হোসেন মিরাজ, ড্রয়িং শিক্ষক চিত্রশিল্পী মিলন বিশ্বাস, ড্রয়িং শিক্ষক চিত্রশিল্পী মেহেদী হাসান হিমু, সহকারী শিক্ষিকা ঝর্না আক্তার এবং প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। অতিথি শিক্ষকের উপস্থিতিতে বিদ্যালয়ে এক আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়।
ক্লাসের শেষ পর্যায়ে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ফাল্গুনী আক্তার তোহা অতিথিকে একটি গজল গেয়ে শোনায়। তার পরিবেশনায় অতিথি আনন্দিত হন। পরে তিনি সবাইকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আবারও আসার আশ্বাস দিয়ে প্রতিষ্ঠান থেকে বিদায় নেন। তখন প্রধান শিক্ষক তাকে আবারো আসার আমন্ত্রণ জানান।সুবিধাবঞ্চিত শিশুদের এগিয়ে নিতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। সামান্য সহযোগিতাও একটি শিশুর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই এসব শিশুর পাশে দাঁড়িয়ে তাদের শিক্ষা, শৈশব ও সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়ার জন্য সমাজের সচেতন মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬