মোঃ মোস্তাকিম বিল্লাহ, নীলফামারী
গণভোট সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি ও তৃণমূল পর্যায়ে বিদ্যমান বিভ্রান্তি দূর করতে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। এ লক্ষ্যে মাঠ প্রশাসনের কর্মকর্তা, ধর্মীয় নেতৃবৃন্দ এবং বেসরকারি বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের প্রশিক্ষণের আওতায় আনা হচ্ছে।
এই কর্মসূচির অংশ হিসেবে গতকাল রোববার বরিশালে পৃথকভাবে অনুষ্ঠিত হয়েছে বিভাগীয় কর্মকর্তা সম্মেলন ও ইমাম সম্মেলন। এতে গণভোট বিষয়ে প্রশিক্ষণমূলক বক্তব্য প্রদান করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) অধ্যাপক আলী রীয়াজ এবং অপর বিশেষ সহকারী মনির হায়দার।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের তত্ত্বাবধানে পরিচালিত এই উদ্যোগে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা এবং বেসরকারি সংগঠনের প্রতিনিধিদের প্রশিক্ষণের আয়োজন করছে বিভাগীয় কমিশনারের কার্যালয়। একই সঙ্গে ইমাম ও ধর্মীয় নেতৃবৃন্দের প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করছে ইসলামিক ফাউন্ডেশন।
কর্মসূচির ধারাবাহিকতায় আজ ১২ জানুয়ারি ২০২৬ তারিখে রাজশাহী বিভাগে ইমাম সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে। পর্যায়ক্রমে ১৪ জানুয়ারি রংপুর, ১৫ জানুয়ারি চট্টগ্রাম, ১৭ জানুয়ারি ঢাকা, ১৯ জানুয়ারি ময়মনসিংহ, ২২ জানুয়ারি সিলেট এবং ২৪ জানুয়ারি খুলনা বিভাগে একই ধরনের কর্মসূচি অনুষ্ঠিত হবে।
এসব বিভাগীয় মতবিনিময় সভায় বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জ্যেষ্ঠ শিক্ষকবৃন্দ, বিশিষ্ট সাংবাদিক, প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদক, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, এনজিও প্রধান ও প্রতিনিধিগণ, ধর্মীয় নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেবেন।
মতবিনিময় সভাগুলোতে গণভোট বিষয়ে ভোটারদের মধ্যে ব্যাপক জনসচেতনতা তৈরির লক্ষ্যে সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারদের সক্রিয়ভাবে সম্পৃক্ত ও সচেতন করার ওপর গুরুত্ব দেওয়া হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬