মোঃ আবু সাইদ, স্টাফ রিপোর্টারঃ
গাজীপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) এক অভিযানে আনুমানিক ১৮ লাখ টাকা মূল্যের ৬০ কেজি গাঁজাসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ছয় চাকার কাভার্ডভ্যানও জব্দ করে পুলিশ।
সোমবার (০৫ অক্টোবর, ২০২৬) রাত আনুমানিক ১:৩৫ ঘটিকায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) জনাব অশোক কুমার পাল, পিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগে কর্মরত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মুহাম্মদ মনিরুজ্জামান এবং এএসআই (নিরস্ত্র) মোঃ জাহিদুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি চৌকস দল জিএমপি পূবাইল থানাধীন টঙ্গী-নরসিংদী মহাসড়কের পূবাইল কলেজ গেট সংলগ্ন রেলক্রসিং এলাকায় অবস্থান নেয়। সেখানে একটি সন্দেহভাজন কাভার্ডভ্যান গতিরোধ করে তল্লাশি চালানো হয়।
পরবর্তীতে কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ লক্ষ টাকা। উদ্ধারকৃত আলামত হিসেবে মাদকদ্রব্যসহ ঢাকা মেট্রো-ড ১১-৯০৯৪ রেজিস্ট্রেশন নম্বরের ছয় চাকার কাভার্ডভ্যানটি জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—
১. মোঃ দবিরুল ইসলাম ওরফে রাজীব (৩২): পিতা- আঃ হক, মাতা- মৃত বিউটি আক্তার। স্থায়ী ঠিকানা: গ্রাম- লক্ষ্মীপুর গোয়ারপাড়া, থানা- সদর, জেলা- ঠাকুরগাঁও। বর্তমান ঠিকানা: গ্রাম- বড় পুকুরপাড় (ইপিজেড গেট), থানা ও জেলা- কুমিল্লা।
২. মুরাদ (২১): পিতা- মোন্নাফ আলী, মাতা- মাজেদা বেগম। স্থায়ী ঠিকানা: গ্রাম- মুকন্দবাড়ী, থানা- দৌলতপুর, জেলা- মানিকগঞ্জ। বর্তমান ঠিকানা: গ্রাম- খাদুন রূপসী (হাজী বাড়ি), থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এর মধ্যে আটক মোঃ দবিরুল ইসলাম রাজীবের বিরুদ্ধে পূর্বেও একটি মাদক ও একটি সড়ক পরিবহন আইনে মামলা রয়েছে।
এ ঘটনায় জড়িত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পূবাইল থানায় মামলা রুজু করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬