গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাটে বাড়ির সীমানার টিনের চালের পানি পড়াকে কেন্দ্র করে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছুরিকাঘাতে জাহাঙ্গীর আলম (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আমির হোসেনকে (২৪) গ্রেপ্তার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ১১ নম্বর মধ্য জাফলং ইউনিয়নের ইসলামপুর (দুভাগ) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর আলম ওই গ্রামের ময়না মিয়ার ছেলে। অভিযুক্ত আমির হোসেন একই গ্রামের মৃত রফিক মিয়ার ছেলে এবং নিহতের চাচাতো ভাই।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সীমানায় টিনের চালের পানি পড়াকে কেন্দ্র করে জাহাঙ্গীর আলম ও আমির হোসেনের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। আমির হোসেন ধারালো চাকু দিয়ে জাহাঙ্গীর আলমের বুকের বাম পাশে আঘাত করেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুক জানান, মধ্য জাফলং ইউনিয়নে চাচাত ভাইয়ের হাতে আরেক চাচাতো ভাই খুন হয়েছেন। ঘটনার পর পর গোয়াইনঘাট থানা পুলিশের সাব ইন্সপেক্টর গোলাম ফাত্তাহ চৌধুরী মোর্শেদের নেতৃত্বে অভিযান চালিয়ে ঘাতক আমির হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬