মো. আমজাদ হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধি:
‘মা তুমি আবার এসো’ এই আকুতি জানিয়ে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে জয়পুরহাট জেলায় শেষ হলো হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
বুধবার শেষ দিনে মণ্ডপে মণ্ডপে দশমীর বিহিত পূজার মধ্য দিয়ে সমাপ্তি ঘটে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের। এদিন দুপুরের পর থেকে শুরু হয় দেবীর বিসর্জন ও শান্তিজল গ্রহণের পালা।
বোধনের মধ্য দিয়ে ‘অরুণ আলোর অঞ্জলি নিয়ে আনন্দময়ী মা উমাদেবীর আগমন ঘটে মর্ত্যে। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী টানা পাঁচ দিন মৃন্ময়ীরূপে মণ্ডপে মণ্ডপে থেকে তিনি ফিরে গেছেন কৈলাসে স্বামী শিবের সান্নিধ্যে। এবার গজে আসা দেবী ফিরেছেন নৌকায়। মণ্ডপে মণ্ডপে ভক্তদের ঢল, ঢাক আর শঙ্খধ্বনি, সিঁদুর খেলায় মুখরিত হয়ে ওঠে মণ্ডপ প্রাঙ্গণ।
বুধবার (২১ অক্টোবর) জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বিজয়ার শোভাযাত্রা শেষে ছোট যমুনা নদীর চকশ্যাম ঘাটসহ উপজেলার নিজ নিজ স্থানীয় সরকারি পুকুরে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। বর্ণাঢ্য বিজয়া শোভাযাত্রায় নারী, পুরুষ, শিশু-কিশোর সকলেই অংশগ্রহণ করেন। ঘাটে পুরোহিতের শেষ মন্ত্রপাঠের মধ্য দিয়ে ধর্মীয় রীতি মেনে অপরাজিতা পূজা শেষে দেবী দুর্গাকে বিসর্জন দেওয়া হয়।
জেলার পাঁচ উপজেলায় এবার ২০০টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়। পূজামণ্ডপগুলোতে পুলিশ ও আনসার বাহিনীর পাশাপাশি র্যাবের টিম তদারকি করে।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬