মোঃ আকতারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের বহুল আলোচিত বাক প্রতিবন্ধী শিশু নির্যাতন ও ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। রায়ে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে অপর এক আসামিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে ট্রাইব্যুনালের বিচারক আলী মনসুর এ রায় ঘোষণা করেন।
রায় অনুযায়ী, মামলার ১ নম্বর আসামি আব্দুল মমিনের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ ক্ষতিগ্রস্ত পরিবারকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
অন্যদিকে, মামলার অপর আসামি এরশাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এনতাজুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, “২০১৫ সালে ধর্ষণের অভিযোগে জেলার রাণীশংকৈল থানায় দুইজনকে আসামি করে মামলা দায়ের করেন নির্যাতিত শিশুর মা। আদালত সাক্ষ্য-প্রমাণ, জব্দ তালিকা ও মামলার নথিপত্র পর্যালোচনা করে এ রায় প্রদান করেছেন।”
মামলার বাদী ও নির্যাতিত শিশুর মা আদালতের এ রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর তিনি ন্যায়বিচার পেয়েছেন।
সংশ্লিষ্টদের মতে, এ রায় শিশু নির্যাতন ও ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে কঠোর বার্তা বহন করবে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ দমনে আইন প্রয়োগে আরও দৃঢ় ভূমিকা রাখবে।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬