স্টাফ রিপোর্টার, নীলফামারী
নীলফামারীর ডিমলা উপজেলার জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আল আমিন ইসলামের ওপর ছুরি হামলার ঘটনায় তীব্র নিন্দা ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। রোববার (৩০ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে সংগঠনের জেলা সভাপতি তাজমুল হাসান সাগর ও জেলা সেক্রেটারি রেজাউল করিম এ দাবি জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বার্ষিক পরীক্ষা শুরুর আগে স্কুলের তৃতীয় তলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দশম শ্রেণীর ছাত্র আল আমিনের সঙ্গে একই প্রতিষ্ঠানের একাদশ শ্রেণীর ছাত্র নাসিম হোসেনের কথাকাটাকাটি হয়। পরে নাসিম হোসেন ছুরি নিয়ে সহপাঠীদের ধাওয়া করে এবং একপর্যায়ে শ্রেণিকক্ষে লুকিয়ে থাকা আল আমিনকে লক্ষ্য করে অতর্কিতভাবে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে।
ঘটনার পর অপর শিক্ষার্থীরা নাসিমকে আটক করে স্কুলের অফিস কক্ষে হস্তান্তর করে। পরবর্তীতে বিবৃতি অনুযায়ী, ডিমলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের দুই সদস্য রাব্বি ও সেলিম ইসলাম অফিস কক্ষ থেকে নাসিমকে বের করে নিয়ে পালিয়ে যায়।
গুরুতর আহত আল আমিন ইসলামকে প্রথমে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) পাঠানো হয়। বিবৃতিতে জানানো হয়, ছুরিকাঘাতে আল আমিনের ফুসফুস ছিদ্র হয়েছে এবং অপারেশনের পর তিনি এখনো আইসিইউতে অচেতন অবস্থায় চিকিৎসাধীন।
নেতৃবৃন্দ অভিযোগ করেন, থানায় অভিযোগ দেওয়া হলেও পুলিশ এখনো কোনো আসামিকে গ্রেফতার করেনি। তারা বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীর ওপর এমন ন্যাক্কারজনক হামলা অনভিপ্রেত ও উদ্বেগজনক। স্কুলের নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি এবং প্রশাসনের উদাসীনতা স্পষ্ট হয়েছে।
ছাত্রশিবির এ ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলাকারীদের পাশাপাশি পেছনে কোনো পক্ষ জড়িত থাকলে তাদেরও শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। একই সঙ্গে আহত ছাত্র আল আমিন ইসলামের উন্নত চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬