স্টাফ রিপোর্টার, নীলফামারী:
নীলফামারীর ডোমারে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ দিলীপ হোসেন (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট, ১২৮ গ্রাম গাঁজা, একটি বাটন মোবাইল ফোন ও একটি সিমকার্ড উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে, ডোমার থানার গোমনাতি বিএনপি বাজার এলাকায় মাদকদ্রব্য কেনাবেচা হবে। পরে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধীনস্থ বালাপাড়া বিওপি থেকে একটি টহল দল সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় মাদকদ্রব্যসহ দিলীপ হোসেনকে হাতেনাতে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১২৮ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া মাদক ব্যবসায় ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন ও একটি সিমকার্ডও জব্দ করা হয়েছে।
আটক দিলীপ হোসেন ডোমার উপজেলার গোমনাতি এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. রশিদুল ইসলাম।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা মাদকদ্রব্য ও অন্যান্য মালামালসহ আটক ব্যক্তিকে নীলফামারীর ডোমার থানায় হস্তান্তর করা হয়েছে।
রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান ও বিস্তার রোধে তাদের জিরো টলারেন্স নীতি ও সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬