কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের কাউনিয়া উপজেলায় মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতাধীন একাধিক মহিলা স্বেচ্ছাসেবী সংস্থা দীর্ঘদিন ধরে কার্যত নিষ্ক্রিয় থাকলেও নিয়মিত সরকারি বরাদ্দ ও অনুদানের অর্থ উত্তোলন করছে—এমন অভিযোগ উঠেছে। প্রয়োজনীয় তত্ত্বাবধন ও নজরদারির অভাবে এসব সংস্থার কার্যক্রম এখন কেবল কাগজে-কলমেই সীমাবদ্ধ বলে অভিযোগ সংশ্লিষ্টদের।
জানা গেছে, নারী উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি ও আর্থসামাজিক অগ্রগতির লক্ষ্যে গঠিত এসব স্বেচ্ছাসেবী সংস্থার অনেকগুলোরই মাঠপর্যায়ে কোনো দৃশ্যমান কার্যক্রম নেই। নিয়মিত সভা, প্রশিক্ষণ, উপকারভোগী নারীদের ঋণ সহায়তা কিংবা সচেতনতামূলক কর্মসূচির কোনো উপস্থিতি চোখে পড়ে না। অথচ কাগজপত্রে সব কার্যক্রম সচল দেখিয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা ইয়াসমিনের যোগসাজশে সরকারি বরাদ্দ ও অনুদানের অর্থ উত্তোলন করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
অভিযোগে আরও বলা হয়, ২০০০ সালে মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতাভুক্ত হয়ে রেজিস্ট্রেশনপ্রাপ্ত এসব সংস্থার অনেকগুলো পরিদর্শনের ক্ষেত্রে কেবল কাগজে-কলমেই কার্যক্রম দেখানো হলেও বাস্তবে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা ইয়াসমিন কখনোই মাঠপর্যায়ে সরেজমিন পরিদর্শনে যাননি।
স্থানীয় একাধিক নারী জানান, সংস্থাগুলোর নাম থাকলেও বাস্তবে তারা কোনো ধরনের সহায়তা পাননি। এতে করে সরকারের নারী উন্নয়নমূলক কার্যক্রম প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং প্রকৃত উপকারভোগীরা বঞ্চিত হচ্ছেন।
সংশ্লিষ্টদের অভিযোগ, এসব সংস্থার তদারকির দায়িত্বে থাকা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় থেকে নিয়মিত পরিদর্শন ও কার্যক্রম যাচাই না করায় অনিয়মের সুযোগ তৈরি হচ্ছে এবং দায়বদ্ধতার ঘাটতি স্পষ্ট হয়ে উঠছে।
সচেতন মহলের দাবি, দ্রুত কার্যক্রমহীন মহিলা স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর তালিকা প্রণয়ন করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি প্রকৃতভাবে সক্রিয় ও স্বচ্ছভাবে পরিচালিত সংস্থাগুলোর মাধ্যমেই সরকারি বরাদ্দ বিতরণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।
এ বিষয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা ইয়াসমিনের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।
তবে রংপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (অঃ দাঃ) মোছাঃ সেলোয়ারা বেগম বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬