মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরে ১৩টি উপজেলায় এবার আমন ধানের বাম্পার ফলন হলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। গত শুক্রবার থেকে হঠাৎ প্রাকৃতিক দুর্যোগ শুরু হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। ফলে কৃষকরা মাঠ থেকে ধান কাটতে পারছেন না, দুশ্চিন্তায় পড়েছেন তারা।
জেলায় এবার ২ লাখ ৬০ হাজার ৮৬৩ হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে। এর মধ্যে ১ লাখ ৩ হাজার ৪৮৯ হেক্টর জমিতে সুগন্ধি জিরাশাইল ধান চাষ হয়েছে, যা মোট চাষের প্রায় ৫০ ভাগ। মাঠজুড়ে এখন সুগন্ধি জিরাশাইলসহ অন্যান্য জাতের ধান রয়েছে। প্রাকৃতিক দুর্যোগ কেটে গেলেই কৃষকরা মাঠ থেকে ধান কাটা শুরু করবেন বলে আশা করছেন।
অতিবৃষ্টির কারণে জেলার বিভিন্ন এলাকার আমন ধানক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন জেলার হাজারো কৃষক। কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি মৌসুমে ভালো ফলনের আশায় তারা জমিতে সার, বীজ, কীটনাশক ও সেচসহ বিভিন্ন খাতে প্রচুর অর্থ ব্যয় করেছেন। কিন্তু ফসল ঘরে তোলার আগমুহূর্তে দুর্যোগের কারণে অনেক কৃষকের স্বপ্ন ভেঙে গেছে। ধানের গুণগত মান নষ্ট হওয়ার পাশাপাশি উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, ধারদেনা করে ধান চাষ করেছিলেন তারা। ফসলের ক্ষতি হওয়ায় এখন ঋণ পরিশোধ ও পরিবারের ভরণপোষণ নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন। বিশেষ করে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন।
এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা কৃষি অফিসার মোঃ সাইফ আব্দুল্লাহ জানান, চলতি বছর দিনাজপুরের ১৩টি উপজেলায় আমন ধান চাষ হলেও হঠাৎ প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়। এই সামান্য বৃষ্টিতে আমন ধানের তেমন কোনো ক্ষতি হবে না। আমরা বিভিন্ন ইউনিয়নে কৃষকদের সঙ্গে কথা বলেছি এবং আবহাওয়া ভালো হলে দ্রুত ধান কাটার পরামর্শ দিয়েছি।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬