নিজস্ব প্রতিবেদক, নড়াইল:
নড়াইলের কালিয়া উপজেলায় দুই বিএনপি নেতা হত্যার জের ধরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ উঠলেও বিএনপি নেতৃত্ব তা অস্বীকার করেছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
গত বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বেন্দারচর স্লুইস গেট সংলগ্ন বটতলায় বিএনপির একটি প্রতিবাদ মিছিলে হামলার ঘটনায় দুই নেতা নিহত হন। নিহতরা হলেন কালিয়া পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শাহীন শেখ (৪৫) ও উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্যা (৪০)। বিএনপির দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরাই এই হামলা চালিয়েছে।
এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিকভাবে বেন্দারচর গ্রামের বুলু বিশ্বাসের ছেলে দিশা বিশ্বাস (৩১) ও রাকিব বিশ্বাসকে (২১) গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে কালিয়া মডেল মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে দুজনকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে নিহত দুই নেতার কবর জিয়ারত করতে কালিয়ায় আসেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ও অনিন্দ্য ইসলাম অমিতসহ জেলা ও উপজেলা বিএনপির নেতারা। এরপর বিকেল সাড়ে ৪টা থেকে মধ্যরাত পর্যন্ত বেন্দারচর গ্রামে হামলার ঘটনা ঘটে।
স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর মধ্যে সাবেক সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তির পৈতৃক নিবাস, সাবেক পৌর মেয়র ফকির মুশফিকুর রহমান লিটনের বাড়ি, বারদিয়া বাজারের একাধিক দোকান এবং স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের বসতঘর রয়েছে। এ ছাড়া বড় কালিয়া এলাকায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষের বাড়িতেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার জানিয়েছেন, গত বুধবার নিহত দুই বিএনপি নেতার বিক্ষুব্ধ স্বজন এবং বিএনপি ও অঙ্গসংগঠনের কিছু নেতাকর্মী শুক্রবার বিকেলে বেন্দারচরে জড়ো হয়ে হত্যাকাণ্ডে অভিযুক্ত আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ চালায়। ভুক্তভোগী পরিবারগুলোরও একই দাবি।
অন্যদিকে, কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম ওয়াহিদুজ্জামান এবং জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম এই অভিযোগ নাকচ করে দিয়ে জানিয়েছেন, তাদের দলের নেতাকর্মীরা এর সাথে জড়িত নন এবং ঘটনাটি অতিরঞ্জিত করে প্রচার করা হচ্ছে।
ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে প্রশাসন ও স্থানীয়দের তথ্যে ভিন্নতা পাওয়া গেছে। কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিনাতুল ইসলাম জানিয়েছেন, ১৫ থেকে ২০টি বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে এবং বেশ কয়েকটি ঘরে আগুন দেওয়া হয়েছে।
কালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা হুমায়ুন কবিরের ভাষ্যমতে, ২০ থেকে ৩০টি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তিনি জানান, গ্রামের একেকটি বাড়িতে তিন থেকে চারটি ঘর থাকে, সে হিসাবে আগুনে ক্ষতিগ্রস্ত ঘরের সংখ্যা আরো বেশি হবে। বিকেল চারটার দিকে আগুনের সূত্রপাত হলেও নিরাপত্তা ঝুঁকি ও রাস্তায় গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ফায়ার সার্ভিস কর্মীরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি। পরবর্তীতে রাত আটটার দিকে পরিস্থিতি কিছুটা শান্ত হলে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে স্থানীয় বিভিন্ন সূত্রের দাবি, সব মিলিয়ে অর্ধশতাধিক ঘরবাড়ি ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে, ঘটনাটিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রদায়িক হামলার যে প্রচারণা চালানো হচ্ছে, তা পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি করেছে জেলা পুলিশ। পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার স্পষ্ট জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত বেন্দারচর গ্রামে কোনো হিন্দু পরিবারের বসবাস নেই। অনলাইনে যেসব ভিডিও ছড়ানো হচ্ছে, সেগুলোর অধিকাংশই পুরোনো কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি। গুজবে কান না দেওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
তবে স্থানীয়রা দাবি করেছে সংখ্যালঘুদের উপরে নির্যাতন ও ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬