সাধন সাহা জয়, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেকুর ইঞ্জিন ও তেলের সংযোগস্থল অকেজো করে দেওয়া হয়েছে। এ ছাড়া পৃথক অভিযানে সংশ্লিষ্ট পক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার নাটঘর ইউনিয়নের রসুলপুর ও নান্দুয়া এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা।
প্রশাসন সূত্রে জানা যায়, রসুলপুর এলাকায় অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কাটার খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে পুনরায় যাতে ওই ভেকু দিয়ে মাটি কাটা সম্ভব না হয়, সে জন্য ভেকুর ইঞ্জিন ও তেলের সংযোগস্থল অকেজো করে দেওয়া হয়।
অন্যদিকে, একই ইউনিয়নের নান্দুয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি ও বালু ব্যবস্থাপনার সঙ্গে জড়িত থাকায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় সংশ্লিষ্ট পক্ষকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, কৃষিজমি সংরক্ষণ এবং অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত রাখা জরুরি।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬