মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার, নীলফামারী
নীলফামারী জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম। দায়িত্ব পাওয়ার পর তাকে সংবর্ধনা জানিয়েছে নীলফামারী জেলা বিএনপি।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার, অধ্যক্ষ মনোয়ার হোসেন—সাবেক সভাপতি, ডিমলা উপজেলা বিএনপি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, গোলাম রব্বানী—সদস্য, জেলা বিএনপির আহ্বায়ক কমিটি এবং ডোমার উপজেলা বিএনপির সাবেক সভাপতি রেয়াজুল ইসলাম কালুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এদিকে মঙ্গলবার (৩১ মার্চ) প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি নীলফামারীর উন্নয়ন ও অগ্রগতির জন্য নতুন প্রশাসকের সফল নেতৃত্ব কামনা করেন।
মঙ্গলবার (৩১ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব খোন্দকার ফরহাদ আহমেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে নীলফামারী জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এবং নীলফামারী জেলা বিএনপির উপদেষ্টা সদস্য। পেশাগত জীবনে তিনি জেলা আইনজীবী সমিতির তিনবারের সহ-সভাপতি ও উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি জেলা ক্রীড়া সংস্থার দুইবারের সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
দলীয় সূত্রে জানা যায়, ১৯৭৮ সালে জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক হিসেবে তার রাজনৈতিক পথচলা শুরু হয়। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার ভিত্তিতেই তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক।
স্থানীয় রাজনৈতিক মহলে এই নিয়োগকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, তার নেতৃত্বে জেলা পরিষদের কার্যক্রমে নতুন গতি আসবে।
নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম বলেন, “১৯৭৮ সালে বিএনপির রাজনীতিতে যোগ দেওয়ার পর নানা চড়াই-উতরাই পেরিয়ে নীলফামারীতে দলকে সংগঠিত করার চেষ্টা করেছি। সরকার আমার ওপর যে আস্থা রেখেছে, তার মর্যাদা রাখতে সততা ও নিষ্ঠার সঙ্গে জেলা পরিষদের দায়িত্ব পালন করব।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬