স্টাফ রিপোর্টার, নীলফামারী
নীলফামারী সরকারি কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের নবাগত শিক্ষার্থীদের বর্ণিল আয়োজনে স্বাগত জানানো হয়েছে। ফুল ও রজনীগন্ধার তোড়া দিয়ে প্রায় ১ হাজার ৮০০ শিক্ষার্থীকে বরণ করে নেয় কলেজ কর্তৃপক্ষ ও সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে কলেজ প্রাঙ্গণে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের পদচারণায় উৎসবমুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। অনুষ্ঠানে নবীনদের উদ্দেশ্যে শিক্ষাজীবনে সাফল্য অর্জনের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্যে তিনি বলেন, সঠিক শিক্ষা অর্জনের পাশাপাশি মেধা ও প্রতিভার যথাযথ বিকাশ ঘটাতে পারলে নীলফামারীর মতো একটি জেলা থেকেও দেশসেরা কিংবা বিশ্বসেরা পর্যায়ে পৌঁছানো সম্ভব। তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন।
নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের সহধর্মিণী তামান্না ইসলাম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর রংপুর অঞ্চলের পরিচালক অধ্যাপক গোলাম মাজেদ, কলেজের উপাধ্যক্ষ গোলাম মোস্তফা চৌধুরী, শিক্ষক পরিষদের সম্পাদক আব্দুর রাজ্জাক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দলের সহসভাপতি রুহুল আমিন।
নবীনবরণকে ঘিরে কলেজ ক্যাম্পাসে ছিল আনন্দঘন পরিবেশ। অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত থেকে নবীনদের স্বাগত জানান।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬