নিজস্ব প্রতিবেদক:-
ডিপ্লোমা টেকনিশিয়ানদের সহকারী প্রকৌশলী পদে ৫০ শতাংশ এবং সহকারী প্রকৌশলী থেকে উপবিভাগীয় প্রকৌশলী পদে ৩৩ শতাংশ পদোন্নতি কোটা দেওয়ার দাবির প্রতিবাদে মানববন্ধন করেছে ‘প্রকৌশলী অধিকার আন্দোলন’।
রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আব্দুল গণি রোডে বিদ্যুৎ ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন পর্যায়ের প্রকৌশলী, চাকরিপ্রার্থী ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা টেকনিশিয়ানদের জন্য ৫০ শতাংশ পদোন্নতি কোটা চালুর দাবি অযৌক্তিক ও বৈষম্যমূলক। তাঁদের মতে, প্রকৌশল খাতে পদোন্নতি ও দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা ও মেধাকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।
বক্তারা অভিযোগ করেন, ১০ম গ্রেডের সহকারী প্রকৌশলী পদে বিএসসি প্রকৌশলীদের আবেদনের সুযোগ না থাকার পাশাপাশি ১০ম গ্রেড থেকে ৯ম গ্রেডে ডিপ্লোমাধারীদের পদোন্নতির প্রস্তাবও পেশাগত কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এতে প্রকৌশল পেশায় যোগ্যতা ও দায়িত্বের যথাযথ মূল্যায়ন নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে বলে তাঁরা মনে করেন।
‘প্রকৌশলী অধিকার আন্দোলন’-এর সভাপতি এম. ওয়ালী উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে সংগঠনের সেক্রেটারি সাকিবুল হক লিপু, সিনিয়র সহ-সভাপতি সাকিল আহমদ ইকবাল এবং ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইইবি) ভাইস প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল মামুন বক্তব্য দেন।
বক্তারা বলেন, প্রকৌশল খাতে পেশাগত দক্ষতা ও মেধার ভিত্তিতে পদোন্নতির ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। কোনো নির্দিষ্ট গোষ্ঠীর জন্য অযৌক্তিক কোটা নির্ধারণ করা হলে প্রকৌশল শিক্ষার মূল্যায়ন ও পেশাগত ভারসাম্য ক্ষতিগ্রস্ত হতে পারে।
মানববন্ধনে চাকরিপ্রার্থী, সাধারণ শিক্ষার্থী ও সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
কর্মসূচি থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ডিপ্লোমা টেকনিশিয়ানদের পদোন্নতি কোটা-সংক্রান্ত দাবি পুনর্বিবেচনা ও প্রত্যাখ্যানের আহ্বান জানানো হয়। একই সঙ্গে দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন আন্দোলনের নেতারা।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬