মোঃ আবু সাঈদ, স্টাফ রিপোর্টার
পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য এবং ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়ে রাজপথে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। জাতীয় ও জনস্বার্থবিরোধী সকল চক্রান্তের কঠোর জবাব দিতে নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতৃত্ব।
কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিকাল ৫ টায় ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির রুহুল কবির রিজভী আহমেদ। সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপি নেতা এস এম জাহাঙ্গীর হোসেন এবং মূল বক্তব্য উপস্থাপন (প্রধান বক্তা) করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব মোস্তফা জামান।
প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, "একটি মহল সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে দেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করতে চাইছে। তারা জনমনে আতঙ্ক ছড়িয়ে দেশের স্থিতিশীলতা বিনষ্ট করার পাঁতারা করছে। কিন্তু জনগণ তাদের এই চক্রান্ত বরদাস্ত করবে না।" তিনি দেশের শান্তি ও স্বস্তি বজায় রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে দলীয় নেতাকর্মীসহ সাধারণ জনগণকে নিয়ে সামাজিক ও রাজনৈতিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
সমাবেশের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন এবং প্রধান বক্তা মোস্তফা জামান তাদের বক্তব্যে বলেন, "গণতান্ত্রিক আন্দোলন বানচাল এবং শান্ত পরিবেশকে অশান্ত করার যেকোনো অপচেষ্টা বরদাস্ত করা হবে না। রাজপথে থেকে জনগণের অধিকার রক্ষা এবং দেশবিরোধী সকল চক্রান্ত প্রতিহত করতে মহানগর উত্তর বিএনপি ঐক্যবদ্ধ।"
এদিকে, সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট ও চলমান পরিস্থিতির প্রেক্ষিতে দেশজুড়ে এবং রাজধানীতে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ধারাবাক কর্মসূচি পালন করছে বিএনপি। এরই ধারাবাহিকতায় গত ২১ সেপ্টেম্বর দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি বিশালাকার বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নাইটিঙ্গেল মোড় ও কাকরাইল হয়ে শান্তিনগর মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
ঢাকা মহানগর উত্তর বিএনপির এই প্রতিবাদ কর্মসূচিতে মহানগরের বিভিন্ন থানা, ওয়ার্ড ও অঙ্গ-সংগঠনের হাজারো নেতাকর্মী ব্যানার, ফেস্টুন নিয়ে অংশ নেন। মিছিল শেষে দেশের শান্তি ও অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬