মোঃ আকরাম হোসেন রতন, জেলা প্রতিনিধি (নেত্রকোণা)
সাদামাটির পাহাড়, নদী, হাওর ও অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ নেত্রকোণার পর্যটনশিল্পের বিকাশে নতুন আশার সঞ্চার হয়েছে। জেলার পর্যটন সম্ভাবনা যাচাই, উন্নয়ন ও দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার লক্ষ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল জেলার বিভিন্ন পর্যটন সম্ভাবনাময় স্থান সরেজমিনে পরিদর্শন করেছেন।
গত সোমবার (১৬ নভেম্বর ২০২৬) প্রতিনিধিদলটি নেত্রকোণার কলমাকান্দা, দুর্গাপুর ও খালিয়াজুড়ি উপজেলার বিভিন্ন দর্শনীয় ও পর্যটন সম্ভাবনাময় এলাকা পরিদর্শন করেন। প্রতিনিধিদলে ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও হোটেল-রেস্তোরাঁ সেলের নিয়ন্ত্রক ড. প্রকাশ কান্তি চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোণার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনমুন জাহান লিজাসহ স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরিদর্শন শেষে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নেত্রকোণার পর্যটনশিল্পের বিকাশে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, কমিউনিটি ট্যুরিজম ও ইকো-ট্যুরিজম সম্প্রসারণ এবং স্থানীয় ঐতিহ্য, সংস্কৃতি ও পণ্যকে পর্যটন ব্র্যান্ডিংয়ের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করা হয়।
নেত্রকোণার পাহাড়, নদী, হাওর, ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতি এবং কলমাকান্দার জামদানি তাঁতপল্লির মতো স্থানীয় ঐতিহ্য ও সম্ভাবনাময় উদ্যোগগুলোকে পরিকল্পিতভাবে পর্যটনশিল্পের সঙ্গে সম্পৃক্ত করা গেলে জেলাটি দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন গন্তব্যে পরিণত হতে পারে।
প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্য ও সংস্কৃতির অপার বৈচিত্র্যকে কাজে লাগিয়ে সমন্বিত ও পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করা হলে পর্যটনশিল্পের বিকাশের পাশাপাশি স্থানীয় অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। একই সঙ্গে সৃষ্টি হতে পারে নতুন কর্মসংস্থানের সুযোগ। এর মাধ্যমে দেশি-বিদেশি পর্যটকদের কাছে নতুনভাবে পরিচিতি পেতে পারে হাওর, পাহাড় ও প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের প্রিয় নেত্রকোণা।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬