পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
দেশব্যাপী নিষিদ্ধ সংগঠনের ডাকা লকডাউন প্রতিহত করতে বৃহস্পতিবার সকাল থেকেই জয়পুরহাটের পাঁচবিবিতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে সরব উপস্থিতি ছিল বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
পাঁচবিবি পৌর শহরের বিশেষ বিশেষ স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দলীয় নেতাকর্মীরা শক্ত অবস্থান নেয়। নিষিদ্ধ সংগঠনের ডাকা লকডাউন কর্মসূচির মাধ্যমে দেশে নাশকতা, সহিংসতা, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও আগুন সন্ত্রাস প্রতিহত করে সাধারণ মানুষের জীবন-জীবিকা স্বাভাবিক রাখতেই পৌর শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিলও করেন পাঁচবিবির বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এসময় দলীয় নেতাকর্মীরা বলেন, কোনো ধরনের নাশকতা ও আগুন সন্ত্রাস করে সাধারণ মানুষের জানমালের ক্ষতি করতে দেওয়া হবে না। লকডাউনের নামে জনজীবন অচল করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে বিএনপির নেতাকর্মীরা মাঠে আছে থাকবে।
উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম ও সম্পাদক আঃ হান্নান চৌধুরীর নেতৃত্বে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তামবিরুল ইসলাম বলেন, লকডাউন প্রতিহত করতে পুলিশ সর্বাত্মক সচেষ্ট রয়েছে। যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা শক্ত হাতে প্রতিরোধ করতে থানা পুলিশ প্রস্তুত আছে। পুলিশের তৎপরতায় নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা কোথাও কোন অপ্রীতিকর ঘটনার সৃষ্টি করতে পারেনি। সাধারণ মানুষের জীবন যাপন স্বাভাবিক রয়েছে বলেও জানান থানার ওসি মহোদয়।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬