শাহিদ হোসেন, (সদর উপজেলা প্রতিনিধি) জয়পুরহাট:
জয়পুরহাটের পাঁচবিবিতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে দুটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা।
সোমবার (১৬ নভেম্বর) রাত ৯টার দিকে পৌর পার্কের সামনে আলতাফ আলী মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মার্কেটের সাইদার ইসলামের মালিকানাধীন দিশারী ফার্নিচারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের সৈয়দ মাসুদ আহমেদের মুদির দোকানে ছড়িয়ে পড়ে। এতে দুটি দোকানের আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে যায়। স্থানীয়দের দাবি, দিশারী ফার্নিচারের দোকানে প্রায় কোটি টাকা এবং মুদির দোকানে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে জয়পুরহাট ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে পাঁচবিবি ফায়ার সার্ভিসের সদস্যদের প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের নম্বরে ফোন করা হলেও প্রথমদিকে কল রিসিভ না হওয়ায় আগুন নিয়ন্ত্রণে কার্যক্রম শুরু করতে বিলম্ব হয়। তাঁদের অভিযোগ, এতে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেড়েছে।
জয়পুরহাট জেলা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম বলেন, রাত ৯টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬