লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রাম শহরের মূল সড়ক থেকে শুরু করে আশপাশের অলিগলি সবখানেই এখন অনিয়ন্ত্রিত অটোরিকশার রাজত্ব। এর সাথে যোগ হয়েছে ফুটপাত দখলের প্রতিযোগিতা। সড়ক ও ফুটপাতে এই দুইয়ের দাপটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ পথচারী ও পৌরবাসী।
সরেজমিনে দেখা গেছে, প্রধান সড়কসহ গুরুত্বপূর্ণ রাস্তাগুলোতে শত শত ব্যাটারিচালিত ও সিএনজিচালিত অটোরিকশা বেপরোয়া গতিতে দাপিয়ে বেড়াচ্ছে। ট্রাফিক নিয়মনীতির তোয়াক্কা না করে এসব গাড়ি চালানো এবং যেখানে-সেখানে থামিয়ে যাত্রী ওঠানো-নামানোয় যানজট লেগেই থাকে।
শহরের পূর্ব চার রাস্তার মোড় (চৌরঙ্গী) থেকে পশ্চিম চার রাস্তার মোড় পর্যন্ত এলাকায় দখলদারিত্ব আর যানজট সবচেয়ে বেশি। এছাড়াও তেঁতুলতলা থেকে পৌরসভা সড়ক, পশ্চিম চৌরঙ্গী মোড় থেকে বাইপাস মোড় সড়ক, রেলগেট, রেল স্টেশন, পুরাতন কাঁচাবাজার, পুরাতন বাসস্ট্যান্ড এবং ভূমি অফিসের পশ্চিমে থানা রোড সড়কগুলোতে চলে অটোরিকশার অনিয়ন্ত্রিত দাপট।
আবার দুই পাশের রাস্তার পাঁচ থেকে সাত ফুট ফুটপাত দখল নিয়ে প্রতিদিন বসছে হরেক রকমের দোকানপাট। এর মধ্যে রয়েছে সারি সারি ফলের দোকান, জুতা-স্যান্ডেল, পেঁয়াজ-রসুন, কাপড়ের দোকান, হাঁস-মুরগি, পান-সুপারি ও সিগারেটের দোকান, মুচি, কাঠ এবং লোহার আসবাবপত্রের দোকান। এমনকি সার-বীজের মতো পণ্যও বিক্রি হচ্ছে সড়কের ওপর।
বিশেষ করে সাপ্তাহিক হাটবার রবি ও বৃহস্পতিবার উপজেলার ৮টি ইউনিয়ন থেকে হাজারো মানুষ তাদের বিভিন্ন প্রয়োজনে শহরে আসে। এতে শহর ও বাজার এলাকায় জনচাপের পাশাপাশি যানবাহনের সংখ্যা ও যানজট বাড়ে কয়েকগুণ। যার ফলে সাধারণ মানুষের চলাচলে শ্বাসরুদ্ধকর পরিস্থিতির তৈরি হয়।
তবে ফুটপাত দখলের পেছনে ব্যবসায়ীদের এক ভিন্ন বাস্তবতার কথা জানা গেছে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যবসায়ী বলেন, ‘এখানে একটি স্থায়ী দোকান ভাড়া নেওয়ার মতো মোটা অঙ্কের অগ্রিম টাকা দেওয়ার সামর্থ্য অনেকের নেই। বাধ্য হয়ে দুই থেকে তিন লাখ টাকা দিয়ে পেছনের দোকান মালিকের কাছ থেকে সামনের মাত্র ১০-১২ ফুট জায়গা ফুটপাতসহ দখলে নিতে হয়। দোকান করতে প্রতি মাসে ১ থেকে ৩ হাজার টাকা ভাড়াও দিতে হয়। সন্তান-সন্ততি নিয়ে সংসার চালাতে রোদ-বৃষ্টিসহ নানান হয়রানিতে বসে থাকতে হয়। আমাদের পুনর্বাসন না করে একদম উচ্ছেদ করলে পরিবার নিয়ে নিদারুণ কষ্টে পড়তে হবে।’
এই পৌর শহরের প্রধান সড়কসহ অন্যান্য রাস্তাগুলোর পাশে রয়েছে পাটগ্রাম টিএন স্কুল অ্যান্ড কলেজ, হুজুর উদ্দিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আহারতুল্লাহ প্রধান সিনিয়র ফাজিল মাদ্রাসা, ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়, তাহেরা বিদ্যাপীঠ, বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাহেবডাঙা তাবলিগুল উলুম কওমি মাদ্রাসা, দারুল কুরআন মডেল মাদ্রাসা, ফিউচার ফাউন্ডেশন স্কুল, ব্রাইট আইডিয়াল স্কুল, ফাতেমা প্রি-ক্যাডেট অ্যান্ড কিন্ডারগার্টেন, কোটতলী হাফিজিয়া এতিমখানা ও মাদ্রাসা, পাটগ্রাম ব্র্যাক মাল্টিক্লাসরুম শিশু নিকেতন, জমিলা মেমোরিয়াল ইংলিশ মিডিয়াম এডুকেয়ার স্কুল অ্যান্ড কলেজ, অহীর আলো এডুকেয়ারসহ আরও অনেক প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের অন্তত ১৫ হাজার শিক্ষার্থী ঝুঁকি নিয়ে চলাচল করে থাকে। এছাড়াও অফিস ও বিভিন্ন স্থানগামী যাত্রী, নারী, শিশু এবং বয়স্কদের পোহাতে হয় চরম ভোগান্তি।
পাটগ্রাম পৌরসভার বাসিন্দা জাহাঙ্গীর আলম (৪৫) বলেন, ‘ফুটপাত তো দখল হয়েছেই, রাস্তায় এত বেশি অটোরিকশা যে চলাচল করার কোনো উপায় নাই। আমরা খুব সমস্যায় আছি। কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়া উচিত।’
শিক্ষার্থী মেহেদী হাসান (২০) বলেন, ‘শহরের সড়ক দিয়ে অনেক শিক্ষার্থী স্কুল-কলেজে যাওয়া-আসা করে। কিন্তু সবসময় ভয় ও ঝুঁকি নিয়ে আমাদেরকে যাতায়াত করতে হয়। এত বেশি রিকশা দেশের আর কোথাও আছে কিনা সন্দেহ! ফুটপাতগুলো দ্রুত দখলমুক্ত করা দরকার।’
যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে কয়েক দফা অভিযান পরিচালনা করেছেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মিজ ফারজানা আখতার। এর আগে প্রশাসনের পক্ষ থেকে মাইকে প্রচার চালিয়ে অটোরিকশাগুলোকে নির্দিষ্ট জায়গা (স্ট্যান্ড) থেকে যাত্রী পরিবহনের নির্দেশ দেওয়া হলেও চালকেরা তা মানছেন না।
এদিকে একাধিক নগরবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, স্থানীয় প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে ফুটপাত দখলমুক্ত রাখতে এবং যানজট নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদি বা টেকসই কোনো উদ্যোগ না থাকায় অভিযানের কয়েক দিন যেতে না যেতেই আবারও আগের মতোই ভোগান্তির সৃষ্টি হয়।
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মিজ ফারজানা আখতার বলেন, ‘এই শহরের ফুটপাত দখল ও যানজটের বিষয়টি দীর্ঘদিনের একটি অভ্যাস। এই পরিস্থিতি স্বাভাবিক করতে সময় লাগবে। প্রতিনিয়ত মাঠে কাজ করা হচ্ছে এবং প্রচেষ্টা অব্যাহত রয়েছে। জনসাধারণের দীর্ঘদিনের এই ভোগান্তি দূর করাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি, এটি সমাধানে সর্বোচ্চ চেষ্টা করা হবে।’
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬