লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা সীমান্ত এলাকায় বিজিবি ও টাস্কফোর্সের পৃথক অভিযানে ২ জন চোরাকারবারিসহ বিপুল পরিমাণ ভারতীয় গরু, মাদকদ্রব্য ও মালামাল আটক করা হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) সকালে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) অধীনস্থ নাজিরগোমানী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি, পুলিশ ও আনসারের যৌথ সমন্বয়ে টাস্কফোর্স পরিচালনা করা হয়। পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তারের নেতৃত্বে কাউয়ামারী বাজার এলাকায় অভিযান চালিয়ে ২ জন চোরাকারবারিসহ ৮টি ভারতীয় গরু আটক করা হয়।
এছাড়া বুড়িমারী বিওপি, ঝালংগী বিওপি, সিংগীমারী বিওপি ও পূর্ব সারডুবি বিওপির বিশেষ টহলদল পৃথক পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মাদকদ্রব্য, গরু, শাড়ি ও চাদর আটক করে।
এর মধ্যে বুড়িমারী বিওপির টহলদল আইসিপি জিরো পয়েন্ট থেকে ৭ পিস ভারতীয় শাড়ি ও ৭ পিস ভারতীয় কাশ্মীরি চাদর, ঝালংগী বিওপির টহলদল পকেটপাড়া থেকে ১টি ভারতীয় গরু, হাতীবান্ধার সিংগীমারী বিওপির টহলদল কানিপাড়া থেকে ১টি ভারতীয় গরু এবং পূর্ব সারডুবি বিওপির টহলদল পূর্ব সারডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে ৬৮ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট আটক করে।
আটককৃত ভারতীয় মালামালের আনুমানিক সিজার মূল্য ৯ লাখ ৪৪ হাজার ৩০০ টাকা।
এ বিষয়ে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, চোরাচালানের সাথে জড়িত ২ জনকে থানায় সোপর্দ করেছে বিজিবি। বিষয়টি তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর অধিনায়ক নিশ্চিত করেছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬