মোঃ আবু সাঈদ, স্টাফ রিপোর্টার:
খুলনার বটিয়াঘাটা থানা পুলিশের বিশেষ অভিযানে ৭৫ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. রসুল শেখ (২৫)। তিনি বটিয়াঘাটা উপজেলার ৩ নম্বর গঙ্গারামপুর ইউনিয়নের দেবীতলা গ্রামের ইসমাইল শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বটিয়াঘাটা থানার উপ-পরিদর্শক (এসআই) পবিত্রর নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে অভিযান পরিচালনা করে। এ সময় গঙ্গারামপুর ইউনিয়নের দেবীতলা এলাকায় সড়কের পাশে সরকারি খাসজমিতে নির্মিত একটি কাঁচা ঘর থেকে ৭৫ পিস ইয়াবাসহ রসুল শেখকে হাতেনাতে আটক করা হয়।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রসুল শেখ দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক কারবারের সাথে জড়িত ছিলেন। গ্রেফতারের পর তার পূর্বের অপরাধের রেকর্ডপত্র যাচাই করে দেখা যায়, তার বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় ২০১৯ ও ২০২২ সালে দায়ের হওয়া দুটি মাদক মামলা এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) লবণচরা থানায় ২০২৪ সালে দণ্ডবিধির বিভিন্ন ধারায় রুজুকৃত একটি মারামারির মামলা রয়েছে।
বটিয়াঘাটা থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এলাকায় মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬