ভারত সংবাদদাতা:
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ডোমকলে প্রকাশিত হলো মাসিক সাহিত্য পত্রিকা ‘অন্যমুখ’ এর নতুন সংখ্যা।
রোববার (১১ অক্টোবর ২০২৬) বিশিষ্ট কবি-সাহিত্যিকদের উপস্থিতিতে পত্রিকাটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন গল্পকার এম নাজিম, কথাসাহিত্যিক সামশুল আলম এবং কবি রেজাউল করিম।
অনুষ্ঠানের সূচনা হয় ক্ষুদে শিল্পী আনান বিশ্বাসের কণ্ঠে উদ্বোধনী সংগীত পরিবেশনের মধ্য দিয়ে। পত্রিকার গুরুত্ব ও সাহিত্যচর্চায় তার ভূমিকা নিয়ে আলোচনা করেন কথাসাহিত্যিক সামশুল আলম।
অনুষ্ঠানে কবিতা পাঠ করেন খন্দকার ওমর ফারুক, খোদাবক্স মণ্ডল, ইমদাদুল ইসলাম, শুকদেব পাল, অনয়া আরুশি, নুরজামান শাহ, আশিকুল আলম বিশ্বাস-সহ অন্যান্য কবি-সাহিত্যিকরা।
এ সময় মাত্র দশ বছর বয়সে ইংরেজি ভাষায় “কোড হিরোইন” নামক উপন্যাসিকা লেখার জন্য ক্ষুদে লেখিকা শেখ সিরাত তাজমীনকে সম্মাননা প্রদান করা হয়।
পত্রিকার সম্পাদক তানবির কাজি জানান, বর্তমানের অস্থির সময়ে ডোমকলের সাহিত্যচর্চাকে আরও সমৃদ্ধ ও গতিশীল করে তোলাই ‘অন্যমুখ’-এর অন্যতম লক্ষ্য। স্থানীয় সাহিত্য-সংস্কৃতির বিকাশে পত্রিকাটি আগামী দিনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
একই অনুষ্ঠানে “অন্যমুখ পাবলিকেশনস” থেকে প্রকাশিত হয় তরুণ কবি আনিস আহাম্মেদ আনসারীর কাব্যগ্রন্থ “অপেক্ষার গোপন দরজা”।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গল্পকার রাশিদুল বিশ্বাস। কবিতা, আলোচনা ও সাহিত্যিকদের পারস্পরিক মতবিনিময়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬