ব্যুরো প্রধান, ময়মনসিংহ:
জনস্বাস্থ্য সুরক্ষা, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং ওজন ও পরিমাপে সঠিক মান নিশ্চিত করতে ময়মনসিংহের তিন উপজেলায় পৃথক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। গত মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) জেলা প্রশাসন, ময়মনসিংহের নির্দেশনায় এসব অভিযান পরিচালিত হয়। অভিযানে বিভিন্ন অপরাধে একাধিক প্রতিষ্ঠানকে অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ফুলবাড়িয়া উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শহীদুল ইসলাম সোহাগ মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় উপজেলার ৬ নম্বর ফুলবাড়িয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে অবস্থিত ‘নিউ স্বাদ বেকারি’তে অস্বাস্থ্যকর পরিবেশে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও নিম্নমানের উপকরণ ব্যবহার করে খাদ্যদ্রব্য প্রস্তুতের অপরাধে অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।
অন্যদিকে, ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারোবাড়ি ইউনিয়নে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সানজিদা রহমান মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর ও মুড়ি প্রস্তুত করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় দুটি কারখানাকে অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।
এছাড়া, ধোবাউড়া সদর ইউনিয়নে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মুকসুদুস সালেহীন ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’-এর অধীনে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় ওই আইনের ২৯ ধারা লঙ্ঘনের দায়ে পৃথক দুটি মামলায় দুটি খুচরা জ্বালানি তেল বিক্রয়কারী প্রতিষ্ঠানকে অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।
জেলা প্রশাসন, ময়মনসিংহ জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা, ভোক্তা অধিকার নিশ্চিতকরণ এবং আইন লঙ্ঘন প্রতিরোধে জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬