মোঃ শহিদুল ইসলাম, শেরপুর প্রতিনিধি:
শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নে কাটাখালী খাল পুনঃখনন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করে বরাদ্দের অব্যয়িত ৬৮ লাখ ২৬ হাজার ৩৮৭ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে। সরকারি অর্থের সুষ্ঠু ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও জবাবদিহির ক্ষেত্রে এ উদ্যোগকে ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
২০২৫-২৬ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)-এর আওতায় দেশব্যাপী খাল পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। শেরপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন শাখার উদ্যোগে সাহাব্দীরচর থেকে কামারেরচর বাজার হয়ে পয়েস্তিরচর পর্যন্ত ৪ দশমিক ২২৫ কিলোমিটার কাটাখালী খাল পুনঃখননের জন্য মোট ২ কোটি ৫৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল।
গত ১৩ মে ২০২৬ পয়েস্তিরচর এলাকায় প্রকল্পটির খননকাজের উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। পরে নির্ধারিত সময়ের মধ্যেই, ৩০ জুন, খননকাজ শেষ করা হয়। কাজ শেষে গত ১৩ আগস্ট বরাদ্দের অব্যয়িত ৬৮ লাখ ২৬ হাজার ৩৮৭ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।
প্রকল্পের আওতায় ৪ দশমিক ২২৫ কিলোমিটার খাল পুনঃখননের পাশাপাশি খালের দুই পাশে প্রায় ১ হাজার ৬০০টি কৃষ্ণচূড়া, বকুল, জারুল, সোনালুসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করা হয়েছে।
এ ছাড়া কৃষক ও স্থানীয় বাসিন্দাদের সুবিধার্থে নির্মাণ করা হয়েছে ১৬০টি রিং কালভার্ট, তিনটি কাঠের সেতু ও তিনটি ইউ-ড্রেন। এসব অবকাঠামোর ফলে খালের দুই পাশের মানুষের চলাচল, কৃষিজমিতে সেচের পানি সরবরাহ এবং পানি নিষ্কাশনব্যবস্থা আরও সহজ হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
প্রকল্প বাস্তবায়ন শাখা সূত্রে জানা যায়, খননকাজে প্রতিদিন প্রায় ৫৯৫ জন শ্রমিক কাজ করেছেন। এতে অতিদরিদ্র মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি দীর্ঘদিনের ভরাট খাল পুনঃখননের ফলে কৃষি, মৎস্য ও স্থানীয় পরিবেশে ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে।
শেরপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ও প্রকল্পের সদস্যসচিব রকিবুল হাসান বলেন, ১৩ মে খননকাজ শুরু হয়ে ৩০ জুন শেষ হয়েছে। প্রতিদিন প্রায় ৫৯৫ জন শ্রমিক এখানে কাজ করেছেন। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করা সম্ভব হয়েছে। খাল পুনঃখননের ফলে এলাকার কৃষক, জেলে ও সাধারণ মানুষ উপকৃত হয়েছেন।
তিনি বলেন, বর্তমানে বৃষ্টির কারণে কিছু স্থানে মাটি সরে গর্ত তৈরি হয়েছে। বৃষ্টি কমে গেলে সেগুলোও মেরামত করে দেওয়া হবে।
শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রকল্পের সভাপতি আসমা বিনতে রফিক বলেন, প্রকল্পের আওতায় ৪ দশমিক ২২৫ কিলোমিটার খাল পুনঃখনন করা হয়েছে। কাজ শেষে বরাদ্দের অব্যয়িত ৬৮ লাখ ২৬ হাজার ৩৮৭ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
তিনি বলেন, খালটি পুনঃখননের ফলে কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলেছে। এতে কৃষিজমিতে সেচের পানি সরবরাহ সহজ হবে এবং জলাবদ্ধতা কমবে। পাশাপাশি খালের দুই পাশে বৃক্ষরোপণের ফলে পরিবেশের ভারসাম্য রক্ষায়ও ইতিবাচক ভূমিকা রাখবে।
শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, খাল পুনঃখনন প্রকল্পের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে এবং স্থানীয় মানুষ এর সুফল পেতে শুরু করেছেন। বর্তমানে খালে নৌকা চলাচল করছে এবং দেশীয় মাছও পাওয়া যাচ্ছে।
তিনি আরও বলেন, কৃষকদের ফসলের জমিতে সেচের পানির সংকট অনেকটাই কমবে। এতে শেরপুরে সবজিসহ বিভিন্ন ধরনের ফসলের উৎপাদন বাড়বে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে খালের দুই পাশে বৃক্ষরোপণের ফলে প্রাকৃতিক পরিবেশও সুন্দর হয়েছে।
জেলা প্রশাসক বলেন, প্রকল্পের অব্যয়িত ৬৮ লাখ ২৬ হাজার ৩৮৭ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া সরকারি অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি ও দায়িত্বশীলতার একটি ভালো দৃষ্টান্ত।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬