সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে ক্রেতা সেজে জুয়েলারি দোকান থেকে ৩৯ ভরি রুপা চুরির অভিযোগে ২ নারীসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চারিগ্রাম বাজারের স্বর্ণ মার্কেটের বাংলাদেশ জুয়েলার্সে এ চুরির ঘটনা ঘটে। উদ্ধার হওয়া রুপার আনুমানিক বাজারমূল্য দেড় লাখ টাকা।
আটককৃতরা হলেন, কক্সবাজারের চকরিয়া উপজেলার ডেমুশিয়া গ্রামের শাহ আলমের মেয়ে সামিয়া (২৫) ও রাফসানা আক্তার (২৩) এবং চট্টগ্রামের চান্দগাঁও উপজেলার সিএমবি বাদাতলী মোড় এলাকার মো. জামালের ছেলে জারিফ (৩৫)।
ভুক্তভোগী দোকান মালিক বাবুল হোসেন জানান, সোমবার সকাল ৯টার দিকে দোকান খোলার পরপরই ওই তিনজন ক্রেতা সেজে দোকানে ঢোকেন। তারা সোনা ও রুপার অলংকার দেখতে চান। মালিক অলংকার দেখাতে ব্যস্ত থাকার সুযোগে তার অজান্তে ৩৯ ভরি রুপা নিয়ে দ্রুত দোকান থেকে বেরিয়ে যান তারা।
পরে বিষয়টি বুঝতে পেরে স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে খোঁজ শুরু করেন দোকান মালিক। একপর্যায়ে উপজেলার বলধারা একের মোড় এলাকা থেকে রুপাসহ তিনজনকে আটক করা হয়। পরে পুলিশে খবর দিলে পুলিশ তাদের নিজেদের হেফাজতে নেয়।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার করা রুপার পরিমাণ যাচাই করা হচ্ছে। পাশাপাশি আটক ব্যক্তিদের পরিচয় ও ঠিকানা যাচাই এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬