মোঃ আকতারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
আপনার ছেলে/স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে’—এমন মিথ্যা তথ্য দিয়ে স্বজনদের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার একটি প্রতারণা চক্র সক্রিয় হয়েছে বলে সতর্ক করেছেন রাণীশংকৈল থানার সাব-ইন্সপেক্টর রতন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সতর্কবার্তায় তিনি জানান, প্রতারক চক্রটি হঠাৎ ফোন করে জানাচ্ছে, কোনো নিকটাত্মীয় স্বজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর তাকে ছাড়িয়ে নেওয়ার কথা বলে বিকাশ নম্বরে টাকা পাঠাতে বলা হচ্ছে। এ ধরনের ফোন পেয়ে অনেকেই আতঙ্কিত হয়ে প্রতারকদের কথায় বিশ্বাস করে টাকা পাঠিয়ে প্রতারণার শিকার হতে পারেন।
সতর্কবার্তায় বলা হয়েছে, এ ধরনের ফোন পেলে কোনোভাবেই প্রতারকদের দেওয়া নম্বরে টাকা পাঠানো যাবে না। বরং বিষয়টি যাচাই করতে সবার আগে নিকটস্থ থানায় যোগাযোগ করতে হবে।
রাণীশংকৈল থানার সাব-ইন্সপেক্টর রতন বলেন, এ ধরনের প্রতারণার ক্ষেত্রে আতঙ্কিত না হয়ে তথ্য যাচাই করা জরুরি। কোনো স্বজনকে গ্রেপ্তারের কথা বলে ফোন করে বিকাশে টাকা দাবি করা হলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও সতর্ক করে বলেন, “বিকাশে টাকা পাঠিয়ে প্রতারিত হবেন না।”
পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে অপরিচিত ব্যক্তির ফোনে ব্যক্তিগত তথ্য, ব্যাংক বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের তথ্য না দেওয়া এবং কোনো ধরনের টাকা পাঠানোর আগে বিষয়টি নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সচেতনতা ও দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর মাধ্যমে এ ধরনের প্রতারণা থেকে নিজেকে ও অন্যদের রক্ষা করা সম্ভব।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬