সুনামগঞ্জ প্রতিনিধি:
২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ন (বিজিবি)-এর সদস্যরা ভারতের সীমান্তবর্তী সুনামগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বাংলাদেশি ও ভারতীয় বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের অবৈধ মালামাল আটক করেছেন।
রবিবার ভোরে বিজিবির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের চানপুর, লাউড়গড়, বালিয়াঘাটা ও প্যাকপাড়ায় এসব অভিযান পরিচালনা করে প্রায় ৫ লাখ ১০ হাজার ৩০০ টাকার অবৈধ মালামাল জব্দ করেন। সুনামগঞ্জের সঙ্গে ভারতের প্রায় ১২০ কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে এবং এই সীমান্ত এলাকাগুলোর সীমারেখা সুনামগঞ্জের ১৯টি বিওপির জওয়ানরা প্রতিনিয়ত নিয়ন্ত্রণ করে থাকেন।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে ভোরে ৫,১০,৩০০/- (পাঁচ লাখ দশ হাজার তিনশত) টাকার মূল্যের বিভিন্ন প্রকার বাংলাদেশি ও ভারতীয় অবৈধ মালামাল আটক করা হয়েছে।
এ ব্যাপারে ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ন (বিজিবি)-এর সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশসহ মাদক ও অস্ত্রের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। আটককৃত বাংলাদেশি ও ভারতীয় অবৈধ মালামালসমূহ শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।