ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আবুল কাসেম (৪০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার মাত্র ৫ ঘণ্টার মধ্যেই মূল আসামিসহ ৭ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গত ২ অক্টোবর, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার জাহানপুর ইউনিয়নের বড়শিবপুর মাস্টারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ছাগলে করলার গাছ খাওয়াকে কেন্দ্র করে আবুল কাসেমের সাথে প্রতিপক্ষের কথা কাটাকাটি ও মারামারি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন কাসেমকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
একই ঘটনায় কাসেমের স্ত্রীসহ ৪ জন আহত হন। আহতদের উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে তার স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। অপর ৩ জন জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করলে ধামইরহাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় নিহতের ছেলে আবু সাঈদ বাদী হয়ে ৭ জনকে আসামি করে ধামইরহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলা রুজুর পর নওগাঁ পুলিশ সুপারের নির্দেশনায় ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমানের নেতৃত্বে থানার একটি চৌকস টিম জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বিভিন্ন স্থানে রাতভর অভিযান চালিয়ে মামলা রুজুর মাত্র ৫ ঘণ্টার মধ্যে এজাহারনামীয় ৭ আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা হলেন:
১. মো. রকিবুল ইসলাম (২৮), পিতা- আব্দুল হাকিম
২. আব্দুল হাকিম (৬০), পিতা- মৃত আব্দুল গফুর
৩. কফিল উদ্দীন (৬৫), পিতা- মৃত আব্দুল গফুর
৪. আকলিমা (৩৫), স্বামী- ফেরদৌস
৫. হামিদা বেগম (৩৮), পিতা- মৃত ইসমাইল
৬. ফরিদা বেগম (৫০), স্বামী- আব্দুল হাকিম
৭. জিয়াসমিন (২১), স্বামী- রফিকুল
সবার সাং- বড়শিবপুর মাস্টারপাড়া।
আসামিদের আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।