গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় পরিবেশ ও প্রতিবেশ সংকটাপন্ন এলাকা (ইসিএ) ‘র নদ-নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনকে আটক করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি বালু উত্তোলনে ব্যবহৃত বিপুলসংখ্যক মেশিন বিকল ও নৌযান ডুবিয়ে দেওয়া হয়।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত উপজেলার গোয়াইনঘাট ব্রিজ সংলগ্ন এলাকা থেকে বাংলাবাজার, ইসিএভুক্ত বালির হাওর ও নাইন্দার হাওর, সারী নদীর গোয়াইনঘাট অংশ, জাফলং ব্রিজ সংলগ্ন এলাকা এবং গোয়াইন নদীর লেংগুরা নামক স্থানে এই অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহিম ইবনে ইদ্রিছ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযান পরিচালনাকালে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ২১টি লিস্টার মেশিন এবং ২টি বালুভর্তি বাল্কহেড (স্টিলবডি নৌকা)-এর ইঞ্জিন বিকল করে দেওয়া হয়। এছাড়া ১টি বাল্কহেড ও ৩টি ছোট নৌকা নদীতে ডুবিয়ে বিনষ্ট করা হয়।
এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করা হয়।
পরে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ১৫ ধারায় আটককৃত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়। অভিযানে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করে গোয়াইনঘাট থানা পুলিশ।
অভিযানের বিষয়ে গোয়াইনঘাটের ইউএনও রতন কুমার অধিকারী জানান, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় এবং ইসিএভুক্ত এলাকাগুলোতে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। নদী ও পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে আমাদের এই কঠোর অবস্থান এবং নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।