হারাধন সূত্রধর, ব্যুরো প্রধান, ময়মনসিংহ:
আসন্ন শ্রী শ্রী শ্যামা পূজা-২০২৬ উপলক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ময়মনসিংহ জেলা পুলিশের পুলিশ সুপারের সঙ্গে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার (২ নভেম্বর ২০২৬) বিকেল ৩টায় ময়মনসিংহ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।
সভায় আসন্ন শ্রী শ্রী শ্যামা পূজা-২০২৬ নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রাসঙ্গিক বিভিন্ন বিষয়ে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় পুলিশ সুপার পূজামণ্ডপগুলোর নিরাপত্তা জোরদার, পূজা উদযাপন কমিটি ও নিরাপত্তা সহায়তা কমিটিসহ সংশ্লিষ্ট সবার দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিস্তারিত নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি পূজা উদযাপন নির্বিঘ্ন রাখতে বিভিন্ন বিষয়ে উন্মুক্ত আলোচনা করেন।
সভায় পুলিশ সুপার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশে শ্যামা পূজা উদযাপনে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবদুল্লাহ আল-মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আশরাফুল করিম, জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং ময়মনসিংহ জেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।