জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই গ্রামের কৃতী সন্তান বিশিষ্ট শিল্পপতি প্রয়াত আলহাজ শফিকুল আহমদ ভূইয়ার সকল সম্পত্তির উপর অস্থায়ী ইনজাকশন জারি করেছেন আদালত।
জানাগেছে, সিলেট ও জগন্নাথপুরে প্রচুর জায়গা সম্পত্তি রেখে যান আলহাজ শফিকুল আহমদ ভূইয়া। শফিকুল আহমদ ভূইয়ার মৃত্যুর পর এ পর্যন্ত পরিবারে অন্য মালিকদের সাথে ভাগ-বাটোয়ারা না করে বেশ কিছু সম্পত্তি বিক্রি করেন তার স্ত্রী রোকশানা বেগম চৌধুরী। এ ঘটনায় প্রয়াত শফিকুল আহমদ ভূইয়ার ছোট ভাই রফিক আহমদ ভূইয়া গং তার ভাইয়ের রেখে যাওয়া সম্পত্তি রক্ষায় অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে সিলেট যুগ্ম-জেলা জজ ২য় আদালতে প্রয়াত শফিকুল আহমদ ভূইয়ার স্ত্রী রোকশানা বেগম চৌধুরী গংদের বিরুদ্ধে স্বত্ব-মোকদ্দমা নং (১৬৩/২০২৩) দায়ের করেন। দায়েরকৃত মোকদ্দমার প্রেক্ষিতে চলতি বছরের ২৩ আগস্ট সিলেট যুগ্ম-জেলা জজ ২য় আদালতের বিচারক যুগ্ম-জেলা জজ বিশ্বেশ্বর সিংহ প্রয়াত শফিকুল আহমদ ভূইয়ার সকল সম্পত্তির উপর অস্থায়ী ইনজাকশন জারি করেন।
এ বিষয়ে ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার প্রয়াত আলহাজ্ব শফিকুল আহমদ ভূইয়ার ছোট ভাই রফিক আহমদ ভূইয়া জানান, আমার ভাইয়ের মৃত্যুর পর পরিবারের অন্য সদস্যদের সাথে ভাগাভাগি না করে অবৈধভাবে অনেক সম্পত্তি বিক্রি করেছেন রোকশানা বেগম চৌধুরী। আমার ভাইয়ের রেখে যাওয়া সম্পত্তি রক্ষায় এবং ন্যায্য প্রাপ্য ফিরে পেতে আইনী লড়াই করছি। তবে রোকশানা বেগম চৌধুরীর সাথে যোগাযোগ করা বা তার মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।