মোঃ আকতারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁও জেলা ট্রাফিক অফিসের বার্ষিক পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার মোঃ বেলাল হোসেন। শনিবার (১০ অক্টোবর) তিনি জেলা ট্রাফিক অফিসে উপস্থিত হলে তাঁকে আনুষ্ঠানিকভাবে সালামি প্রদান করেন ট্রাফিক শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক (শ ও য) মোঃ হাসান আসকরী।
পরিদর্শনকালে পুলিশ সুপার ট্রাফিক অফিসের সার্বিক কার্যক্রম, জেলার যানবাহন চলাচল ব্যবস্থাপনা এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তিনি বিভিন্ন রেজিস্টার ও দাপ্তরিক নথিপত্র পরিদর্শন ও পর্যালোচনা করেন। পাশাপাশি ট্রাফিক শাখায় কর্মরত পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের বিভিন্ন সমস্যা, অসুবিধা ও কর্মপরিবেশ সম্পর্কে অবগত হন।
উত্থাপিত বিষয়গুলো পর্যালোচনা করে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন পুলিশ সুপার।
এ সময় তিনি জেলার সার্বিক ট্রাফিক পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং জনসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ট্রাফিক আইন যথাযথভাবে প্রয়োগ, ট্রাফিক ব্যবস্থাপনায় পেশাদারিত্ব ও দক্ষতা বৃদ্ধি এবং সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে সৌজন্যপূর্ণ আচরণ নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার ট্রাফিক শাখায় কর্মরত সব পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা, দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
পরিদর্শন শেষে তিনি পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আলমগীর রহমান, ট্রাফিক শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ হাসান আসকরীসহ ট্রাফিক শাখায় কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা।