মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার, নীলফামারী
নীলফামারীর ডিমলায় জাতীয় মেধাবৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা, ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ প্রদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইসলামিক ইডুকেশন সোসাইটি (আইইএস) এর উদ্যোগে শনিবার (১৬ মে) সকালে ডিমলা মডেল মসজিদে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য ও জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।
আয়োজকরা জানান, আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ এ চতুর্থ ও সপ্তম শ্রেণির মোট ৪৫৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে মেধার ভিত্তিতে ৩২ জনকে বৃত্তির জন্য নির্বাচিত করা হয়। পরে তাদের হাতে নগদ অর্থ, ক্রেস্ট এবং সনদপত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ইডুকেশন সোসাইটি ডিমলা উপজেলা শাখার সভাপতি ও পাগলপাড়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিমলা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ও উপজেলা শাখার সেক্রেটারি রবিউল ইসলাম।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ইসলামিক ইডুকেশন সোসাইটি নীলফামারী জেলা সভাপতি অধ্যাপক ছাদেক হোসেন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আমীর অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান, নায়েবে আমীর অধ্যাপক কাজী হাবিবুর রহমান, সেক্রেটারি কাজী রুকুজ্জামান বকুল, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ডাঙ্গারহাট শাখার কর্মকর্তা, অভিভাবকদের প্রতিনিধি বকুল চন্দ্র কম্পিউটার কলেজের সহকারী অধ্যাপক আলাউদ্দিন এবং অধ্যাপক গোলজার হোসেন।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজের প্রভাষক ও ডিমলা নিজপাড়া শিশু একাডেমির অধ্যক্ষ সাজেদুল ইসলাম লিটন।
বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণা দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি নৈতিকতা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আগামী প্রজন্মকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
এ সময় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, আলেম-ওলামা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।