বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার আওয়ামী লীগ নেতা হেলাল আহমেদ নিখোঁজের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান না পাওয়ায় গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে তার পরিবার। পরিবারের দাবি, ছেলে নিখোঁজ হওয়ার শোক সইতে না পেরে বাবার মৃত্যু হয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, হেলাল আহমেদ গত ২৫ আগস্ট ২০২৪ থেকে নিখোঁজ রয়েছেন। এ নিয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়েও কোনো সহযোগিতা পাচ্ছেন না বলে অভিযোগ পরিবারের। তাদের অভিযোগ, বারবার থানায় নিখোঁজের বিষয়ে জিডি করতে গেলে সহযোগিতা না করে উল্টো ভয়ভীতি দেখানো হয় এবং বলা হয়, এ নিয়ে বাড়াবাড়ি করলে পরিবারের অন্য সদস্যরা দেশে আসলে তাদেরও নিখোঁজ করে হত্যা করা হবে।
পরিবারের অভিযোগ, হেলাল আহমেদের নিখোঁজের পেছনে রাজনৈতিক বিরোধ থাকতে পারে। এ ঘটনায় তারা বিএনপি নেতা ও এমপি প্রার্থী তাহসিনা রুশদীর লুনা ও তার সহযোগীদের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য জানা যায়নি।
এ ব্যাপারে যুক্তরাজ্য প্রবাসী নিখোঁজ ব্যক্তির বোন কুলসুমা বেগম জানান, “আমার ভাই রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন এবং তাহসিনা রুশদীর লুনার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও অপরাধ কর্মকাণ্ডের অভিযোগ নিয়ে সোচ্চার ছিলেন। এ কারণে তিনি দীর্ঘদিন ধরে তাহসিনা রুশদীর লুনা ও তার সহযোগীদের কাছ থেকে হুমকি পেয়ে আসছিলেন।”
তিনি আরও বলেন, “পরিবারের সদস্যদের আশঙ্কা, তার নিখোঁজের সঙ্গে পূর্বের রাজনৈতিক বিরোধের যোগসূত্র থাকতে পারে। তবে নিখোঁজের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।”
হেলাল আহমেদের সন্ধান পেতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে তার পরিবার।