সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্বপাগলা ইউনিয়নের দামোধরতুপী গ্রামে গত বুধবার রাতে পুলিশের হাতে গ্রেফতার হওয়া আশির মিয়া হাতকড়া নিয়ে পালিয়ে যাওয়ার পর তাকে পুনরায় গ্রেফতার করেছে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ, পিপিএম-এর নেতৃত্বে পুলিশ সদস্যরা পৌরশহরের পানসী রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।
উল্লেখ্য, গত বুধবার রাতে শান্তিগঞ্জ থানার এসআই নুর উদ্দিন-এর নেতৃত্বে পুলিশ দামোধরতুপী গ্রামে অভিযান চালিয়ে আশির মিয়াকে গ্রেফতার করে। হাতকড়া পরিয়ে সিএনজিতে তোলার সময় আসামির স্বজনরা পুলিশের সাথে ধস্তাধস্তি করে আসামিকে হাতকড়া অবস্থায় ছিনিয়ে নিয়ে যায়। পরে হাতকড়া অবস্থায় আসামি ফেসবুক লাইভে এসে নিজেকে জানান দেয়।
এ ব্যাপারে সদর মডেল থানার ওসি রতন শেখ পিপিএম বলেন, অপরাধ করে কেউ আইনের হাত থেকে বাঁচতে পারবে না।