সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জে ব্যাটারী চালিত অটো রিকশায় নতুন নম্বর প্লেট প্রদান ও অভিযান বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ব্যাটারী চালিত অটো রিকশা মালিক শ্রমিক সমবায় পরিষদের নেতৃবৃন্দ।
মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ ব্যাটারী চালিত অটো রিকশা মালিক শ্রমিক সমবায় পরিষদের আয়োজনে শহরের ট্রাফিক পয়েন্টে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ জেলা ব্যাটারী চালিত অটো রিকশা মালিক শ্রমিক সমবায় পরিষদের সভাপতি সামছুদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পাভেল হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন আফজাল মিয়া, গণি মিয়া প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বর্তমান পরিস্থিতিতে সাময়িকভাবে ব্যাটারী চালিত অটো রিকশার বিরুদ্ধে পৌর প্রশাসনের অভিযান বন্ধ করা, নতুন লাইসেন্স প্রদান, পৌর এলাকার বাহিরে বিতরণকৃত লাইসেন্স যাচাই পূর্বক জব্দ/বাতিল এবং একক মালিকানায় একাধিক লাইসেন্সের অনিয়ম তদন্ত করে প্রকৃত শ্রমিকদের জন্য অটোরিকশা চালানোর সুযোগ দিতে হবে।
তারা আরও বলেন, এই পৌর শহরে ব্যাটারী চালিত অটোরিকশার মালিক ও শ্রমিকরা দীর্ঘদিন ধরে এই পেশায় শ্রম দিয়ে পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। বর্তমানে পৌর প্রশাসন কর্তৃক অটোরিকশার বিরুদ্ধে অভিযান, লাইসেন্স সংক্রান্ত জটিলতা এবং লাইসেন্স প্রদানের ক্ষেত্রে বৈষম্য দূর করে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির আগে তাদের অটোরিকশা চালানোর সুযোগ দেওয়ার জন্য সরকার ও প্রশাসনের নিকট দাবি জানান। অন্যথায় আগামীতে লাগাতার কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা।
পরে পৌর প্রশাসনের নিকট স্মারকলিপি জমা দিতে গেলে পৌর প্রশাসক তা গ্রহণ করেননি বলে দাবি করেন নেতারা।