মোঃ আবু সাঈদ, স্টাফ রিপোর্টার:
খুলনার বটিয়াঘাটায় বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলা বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান এবং সদস্যসচিব খন্দকার ফারুক হোসেন।
উপজেলার জলমা ইউনিয়নের দারোগার ভিটায় অবস্থিত বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে আয়োজিত কর্মসূচিতে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা কামরুল ইসলাম, সাইফুর রহমান, আছাবুর রহমান, জেলা ছাত্রদলের সদস্যসচিব ইসমাইল খানসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
কর্মসূচি থেকে বক্তারা বলেন, রাজনৈতিক কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।
বিক্ষোভ মিছিলটি বটিয়াঘাটার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।