রংপুর জেলা প্রতিনিধি:
রংপুর নগরীতে একদিনের ব্যবধানে পৃথক দুটি স্থানে দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) ভোররাতে নগরীর পর্যটন মোড় এলাকায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি ক্যাডেট কোচিং সেন্টারের মিনিবাস পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়। এরপর দুপুরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পাশে একটি ওয়ার্কশপে থাকা আরেকটি বাসে আগুন লাগে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোরের দিকে নগরীর পর্যটন মোড়ে ‘লুমিনাস ক্যাডেট কোচিং সেন্টারের’ সামনে সড়কের পাশে রাখা ২৮ আসনের একটি মিনিবাসে আগুন লাগার খবর পায় পুলিশ। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন ছড়িয়ে পড়ে এবং প্রায় ৩০ লাখ টাকা মূল্যের বাসটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। কে বা কারা এবং কী উদ্দেশ্যে বাসটিতে আগুন দিয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
লুমিনাস ক্যাডেট কোচিং সেন্টারের পরিচালক নাহিদ ইকবাল মাসুম জানান, তিনি গত ২২ বছর ধরে রংপুর শহরে শিক্ষকতা করছেন। প্রতিষ্ঠানের ৫০ জন আবাসিক শিক্ষার্থীর নিরাপদ যাতায়াতের জন্য কষ্ট করে প্রায় ৩০ লাখ টাকা দিয়ে বাসটি কিনেছিলেন। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও শিক্ষার্থীদের পরিবহন শেষে বাসটি কোচিং সেন্টারের সামনে রাখা হয়েছিল। গভীর রাতে দুর্বৃত্তরা সেটিতে আগুন ধরিয়ে দেয়। এতে প্রতিষ্ঠানের অপূরণীয় ক্ষতির পাশাপাশি শিক্ষার্থীদের যাতায়াত ও নিরাপত্তা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ ঘটনায় কোচিং কর্তৃপক্ষের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অন্যদিকে, একই দিন দুপুরে নগরীর টার্মিনালে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পাশে একটি ওয়ার্কশপে মেরামতের জন্য রাখা অপর একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
রংপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আনোয়ারুল হক জানান, মডার্ন এলাকার ওয়ার্কশপে থাকা অন্য একটি গাড়িতে বৈদ্যুতিক ওয়েল্ডিংয়ের কাজ করার সময় ছিটকে পড়া আগুনের কণা বাসের কোনো এক সিটের কাপড়ে লেগে দীর্ঘ সময় ধরে বাসটিতে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ওয়ার্কশপ সংশ্লিষ্টরা আগুনের সূত্রপাত নিয়ে ভিন্ন দাবি করেছেন।
পৃথক দুটি ঘটনার বিষয়ে রংপুর মহানগর পুলিশ কোতয়ালী থানার সাব ইন্সপেক্টর (এসআই) বলেন, পর্যটন মোড়ে কোচিং সেন্টারের বাসে অগ্নিসংযোগের ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। দেশের অন্যান্য এলাকার ঘটনার ধারাবাহিকতায় শান্ত রংপুরকে অশান্ত করার কোনো চক্রান্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।