হারাধন সূত্রধর, ব্যুরো প্রধান, ময়মনসিংহ:
‘শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশা সুরক্ষা, এর মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গঠনে ৬০ বছর’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার (৫ অক্টোবর) নেত্রকোনা পাবলিক হলে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা বিভাগের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষকবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা তাঁদের শিক্ষাজীবনের প্রিয় শিক্ষকদের শ্রদ্ধাভরে স্মরণ ও তাঁদের সঙ্গে জড়িয়ে থাকা বিভিন্ন স্মৃতিচারণ করেন। এ সময় শিক্ষকদের পেশাগত মর্যাদা সমুন্নত রাখা, তাঁদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন এবং শিক্ষা ও সমাজ গঠনে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
এর আগে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।