জেলা প্রতিনিধি, রংপুর:
সাত দফা দাবি আদায়, দেশব্যাপী নাশকতা-নৈরাজ্য ও অগ্নিসংযোগের প্রতিবাদ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগে রংপুরে বিক্ষোভ মিছিল করেছে ১১ দলীয় ঐক্য জোট। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখার আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
বিকেলে নগরীর টাউনহল চত্বর ও পাবলিক লাইব্রেরি মাঠ এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা জোটের সাত দফা দাবি অনতিবিলম্বে বাস্তবায়নের আহ্বান জানান।
বক্তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে—গণভোটের রায় বাস্তবায়ন করে দ্রুত সংস্কার কাউন্সিল গঠন ও অধিবেশন বসানো, জুলাই গণহত্যার দ্রুত ও দৃশ্যমান বিচার নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, বিদ্যুৎ-জ্বালানি ও সার সংকটের সমাধান, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, দলীয়করণ বন্ধ এবং দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারিত্ব ও সন্ত্রাস বন্ধ করা।
সমাবেশে নেতাকর্মীরা অভিযোগ করেন, ১৬ ডিসেম্বর সামনে রেখে দেশে ফেরার গুঞ্জনের পর নিষিদ্ধ ঘোষিত ও পতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন স্থানে জ্বালাও-পোড়াও ও নাশকতা শুরু করেছে। তাদের হুঁশিয়ারি দিয়ে বক্তারা বলেন, এখনই না থামলে জনগণ এর জবাব দেবে, যার পরিণতি হবে ভয়াবহ। এ সময় ফ্যাসিবাদী অপতৎপরতা রুখতে বিএনপিসহ ১১ দলীয় ঐক্য জোটের মধ্যে ঐক্য ধরে রাখার ওপর জোর দেন বক্তারা।
এছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে দ্রুত তা স্বাভাবিক করে জনগণের সেবা নিশ্চিত করার দাবি জানানো হয়।
জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখার আমির উপাধ্যক্ষ এটিএম আযম খানের সভাপতিত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, মহানগর সেক্রেটারি ও রংপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মাওলানা রায়হান সিরাজী, সাবেক সেক্রেটারি কে. এম. আনোয়ারুল হক কাজল, সহকারী সেক্রেটারি আল আমিন হাসান এবং মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট কাওছার আলী। এছাড়া ১১ দলীয় জোটের শরিক দল এনসিপি, খেলাফত মজলিস ও এবি পার্টির নেতাকর্মীসহ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।